অফিসে কাজের চাপে কখনও কখনও সময়মতো খাওয়াদাওয়া হয়ে ওঠে না। তবে দীর্ঘ সময় কাজ করতে হলে শরীর ও মন সতেজ রাখতে প্রয়োজন পুষ্টিকর খাবার। ব্যস্ত দিনে ভারী খাবারের বদলে কাজের ফাঁকে অল্প অল্প করে স্বাস্থ্যকর স্ন্যাকস খাওয়া যেতে পারে। কাজের চাপ বাড়লে রোল, পিৎজা, বার্গার বা চিপসের মতো মুখরোচক খাবারের প্রতি ঝোঁক বাড়ে। তবে এসবের বদলে কম ক্যালোরির কিছু খাবার বেছে নিলে খিদে মেটানোর পাশাপাশি স্বাস্থ্যও ভালো রাখা সম্ভব।
ছোলার চাট: অঙ্কুরিত ছোলার সঙ্গে পেঁয়াজ, কাঁচালঙ্কা, টমেটো, ধনেপাতা ও লেবু মিশিয়ে তৈরি করতে পারেন চাট। এক বাটি অঙ্কুরিত ছোলার চাট প্রায় ১০০ ক্যালোরির মধ্যে রাখা যায়।
সেদ্ধ ডিম: একটি সেদ্ধ ডিমে সাধারণত ৭২–৮০ ক্যালোরি থাকে। এতে প্রোটিন থাকায় দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে। অফিসের আশপাশেও সহজেই পাওয়া যায় এই খাবার।
কর্ন চাট: সেদ্ধ ভুট্টার দানার সঙ্গে পেঁয়াজ, টমেটো, কাঁচালঙ্কা, লেবু ও সামান্য মশলা মিশিয়ে তৈরি করা যায় কর্ন চাট। ক্যালোরি কম রাখতে চাইলে এতে মাখন না দেওয়াই ভালো।
গ্রিক ইয়োগার্ট: বিকেলের ক্ষুধায় আধ কাপ গ্রিক ইয়োগার্টের সঙ্গে কিছু ফল বা ভেজানো চিয়াবীজ খেতে পারেন। এটি তুলনামূলক কম ক্যালোরিতে পেট ভরা রাখতে সাহায্য করতে পারে।
ডেট বাইট: খেজুর ও বিভিন্ন ধরনের বাদাম দিয়ে তৈরি ডেট বাইটও হতে পারে দ্রুত খিদে মেটানোর বিকল্প। প্রতিটি বাইটে সাধারণত ৪০–৪৫ ক্যালোরি থাকতে পারে। তবে কেনার আগে এতে অতিরিক্ত চিনি যোগ করা হয়েছে কি না, তা দেখে নিতে হবে।
