August 11, 2026
image (12)

আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন ফুলিয়ার তাঁত শিল্পীরা। সচরাচর অন্যান্য ক্ষেত্রে কাপড়ে নকশা এঁকে, কেটে বা সেলাই করে কিংবা অশোক চক্র স্ট্যাম্পিং করে জাতীয় পতাকা তৈরি করা হলেও, এবার সরাসরি তাঁতে বুননের মাধ্যমেই তৈরি করা হচ্ছে জাতীয় পতাকা।এই বিষয়ে
রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত তাঁত শিল্পী অভিনব বসাক জানান, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ডিজাইনার মন্টু বসাকের সাথে যৌথ উদ্যোগে এবং ‘উইভার সার্ভিস সেন্টার’ এর সহযোগিতায় এই অনন্য কাজটি সম্পন্ন করা হচ্ছে। সম্পূর্ণ ১০০% সুতি ৯২ কাউন্ট সুতা ব্যবহার করে এই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
হ্যান্ডলুম বা তাঁতের ‘কাট-শাটল’ পদ্ধতিতে বস্ত্র বুননের পাশাপাশি বুননের সাথেই ফুটিয়ে তোলা হচ্ছে অশোক চক্র। পতাকার নির্দিষ্ট ২:৩ অনুপাত বজায় রেখে ২১ ইঞ্চি মাপের সাপেক্ষে এটি তৈরি করা হচ্ছে।
অভিনব বসাকের মতে, স্বদেশী চিন্তাভাবনা ও বাংলার ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে তুলে ধরাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। তিনি জানান, ভারতীয় জাতীয় পতাকার চেয়ে গর্বের কিছু হতে পারে না, আর সেই পতাকাকেই সুতি সুতো দিয়ে বাংলার তাঁতে রূপ দেওয়া এক অনন্য অভিজ্ঞতা।টাঙ্গাইল তন্তুবায় সমবায় সমিতি এই কাজ করছে।
পতাকা তৈরি করা এই বিশেষ জাতীয় পতাকার কয়েকটি কপি উড়ানোর পরিকল্পনা রয়েছে। এছাড়া ‘উইভার সার্ভিস সেন্টার’-এর মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সম্ভব হলে কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রক এর কাছেও এই বিশেষ শিল্পকর্মটি পৌঁছে দেওয়ার ইচ্ছা ব্যক্ত করেছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *