বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে অসমে ভয়ংকর বন্যায় মৃত্যু হয়েছে ৯৮ জনের। এখনও ক্ষতিগ্রস্ত ১.৫৫ লক্ষ বাসিন্দা। শেষ মৃত্যুর খবর এসেছে চরাইদেও জেলার মাহমোরা এলাকা থেকে।
ক্ষতিগ্রস্ত বাসিন্দার সংখ্যা ১.৬৮ লক্ষ থেকে কমে দাঁড়িয়েছে ১,৫৫ লক্ষ। অসমের বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের বিবৃতি অনুযায়ী এখনও ১৩টি জেলায় বন্যার জল রয়েছে। শিবসাগর, গোলাঘাট, নগাঁও, হোজাই, শোণিতপুর, ধেমাজি, দরং, বিশ্বনাথ, কামরূপ (মেট্রো), লখিমপুর, ওদালগুড়ি, যোরহাট ও চরাইদেও জেলার ৩৩ রাজস্ব বিভাগে ৪৬৪ গ্রাম জলমগ্ন।
সবচেয়ে বেশি মানুষ ক্ষতিগ্রস্ত গোলাঘাট জেলায়, ৫৮৭৫০, এরপরই রয়েছে শিবসাগরের ৪৮,২৮৬ এবং যোরহাটের ২৫,২৫৯ বাসিন্দা। জলমগ্ন জেলায় বর্তমানে চলছে ৫৫ ত্রাণ শিবির। যেখানে আশ্রয় নিয়েছে দশ হাজারের বেশি মানুষ। এইসঙ্গে চলছে ১৮টি ত্রাণসামগ্রী বণ্টন কেন্দ্র।
