June 29, 2026
AAJ 3

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই ভারতের বিদায়ের পর অধিনায়ক হরমনপ্রীত কৌরের ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে দলের প্রধান কোচ অমল মুজুমদার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁর মতে এখনও হরমনপ্রীতই নেতৃত্বে থাকার যোগ্য।

অস্ট্রেলিয়ার কাছে গ্রুপ পর্বের শেষ ম্যাচে হারের পর সাংবাদিক বৈঠকে হরমনপ্রীতের নেতৃত্ব নিয়ে প্রশ্ন করা হলে অমল বলেন, “অধিনায়ক কে হবেন, সেই সিদ্ধান্ত নির্বাচকদের। তবে যদি আমার মত জানতে চান, আমার উত্তর হবে—হ্যাঁ।” অর্থাৎ, বর্তমান অধিনায়কের উপরই আস্থা রাখছেন ভারতীয় দলের কোচ।

বিশ্বকাপে ভারতের ব্যর্থতার কারণও তুলে ধরেছেন অমল। তাঁর মতে, দলের বোলিং ও ফিল্ডিংয়ে আরও উন্নতির প্রয়োজন রয়েছে। পাশাপাশি ব্যাটিংয়ে আরও আক্রমণাত্মক মানসিকতা দেখাতে হবে। তিনি বলেন, “আমরা যদি প্রতি ম্যাচে আরও ১৫-২০ রান বেশি করতে পারি, তাহলে ফল অন্যরকম হতে পারে।”

তরুণ বোলিং আক্রমণের পাশেও দাঁড়িয়েছেন অমল। তিনি বলেন, “আমাদের বোলিং ইউনিট নতুন এবং অভিজ্ঞতাও কম। এই আক্রমণকে আরও ১৮ মাস সময় দিন। তখন সম্পূর্ণ ভিন্ন একটি দল দেখতে পাবেন।”

তবে নেতৃত্বে পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ভারতের সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা ইতিমধ্যেই মহিলা প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে দু’বার শিরোপা জিতিয়েছেন। হরমনপ্রীতের অনুপস্থিতিতে জাতীয় দলকেও নেতৃত্ব দিয়েছেন তিনি। ফলে ভবিষ্যতে তাঁকেই স্থায়ী অধিনায়ক করা হতে পারে বলে জোর জল্পনা রয়েছে।

এখন নজর ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের দিকে। নির্বাচকরা হরমনপ্রীতের উপর আস্থা বজায় রাখেন, নাকি টি-টোয়েন্টি দলে নতুন নেতৃত্বের সূচনা করেন, সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *