যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের এবার নতুন চমক আলিয়া ভাট। আগেই ছড়িয়ে পড়েছিল নতুন অ্যাকশন ছবি ‘আলফা’-এর খবর। এই ছবিতে ‘আলফা ওম্যান’ হিসেবে দেখা যাবে আলিয়াকে। এই চরিত্রের জন্য বিশেষ মার্শাল আর্ট ও অ্যাকশন ট্রেনিংও নিয়েছেন নায়িকা।
এটিই আলিয়ার প্রথম গোয়েন্দা (স্পাই) চরিত্র। তাঁর সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন শর্বরী ওয়াঘ। বুধবার প্রকাশ্যে এলো সেই সিনেমার ঝলক। টিজারে দেখা যায়, এক রেস্তোরাঁয় বাবা-মেয়ের সাধারণ একটি দৃশ্য দিয়ে শুরু। ‘আলফা’কন্যা আলিয়ার জন্মদিন।
সেইসূত্রেই বাবার সঙ্গে বাইরে খেতে আসা। কিন্তু ধীরে ধীরে বোঝা যায়, এই সম্পর্কের আড়ালে রয়েছে গোপন মিশনের জগৎ। বাবার কাছে নির্দেশ আসে এক মিশনের। মুহূর্তে বদলে যায় পরিবেশ। বাধ্য শিষ্যের মতো বাবার নির্দেশমাফিক সিক্রেট এজেন্ট হিসেবে সে নিকেশ করে একের পর এক শত্রুকে। বাবার ভূমিকায় রয়েছেন ববি দেওল।
টিজারের সেই সংক্ষিপ্ত অ্যাকশন দৃশ্যেই নজর কাড়েন আলিয়া। ছবিটিকে ঘিরে ভক্তদের আগ্রহও তুঙ্গে। পরিচালক ও প্রযোজক আদিত্য চোপড়ার এই ছবি মুক্তি পেতে পারে আগামী জুলাইয়ে।
