অসমের শিবসাগর জেলায় বন্যা পরিস্থিতির সুযোগ নিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো এবং অন্যায্য ব্যবসায়িক কার্যকলাপের অভিযোগের পর কড়া পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে জেলার বিভিন্ন পাইকারি ও খুচরো বাজারে আকস্মিক পরিদর্শন চালানো হয়। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে খাদ্য, জনবণ্টন ও গ্রাহক বিষয়ক দফতরের আধিকারিকরা এই অভিযান পরিচালনা করেন। অভিযোগ ছিল, বন্যার মতো সংকটপূর্ণ পরিস্থিতিতে কিছু অসাধু ব্যবসায়ী প্রয়োজনীয় সামগ্রীর অতিরিক্ত দাম নিচ্ছেন এবং সাধারণ মানুষের অসহায়তার সুযোগ নিচ্ছেন। পরিদর্শনের সময় শিবসাগরের কেপি চারিয়ালির কাছে অবস্থিত সুপ্রিম সুইটস-এর বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, বন্যাকবলিত মানুষের জন্য রাখা বোতলজাত পানীয় জল সংগ্রহ করে তা অন্য গ্রাহকদের কাছে বিক্রি করা হয়েছে। এই ঘটনায় শিবসাগর থানায় একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, বন্যা পরিস্থিতিতে সাধারণ মানুষের প্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ এবং ন্যায্য মূল্য নিশ্চিত করতে এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে। প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে যে, সংকটের সময়ে কোনও ধরনের কালোবাজারি বা অতিরিক্ত মূল্য আদায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
