তেলঙ্গানায় আয়বহির্ভূত সম্পত্তির অভিযোগে ডেপুটি পুলিশ সুপার সঙ্কিরেড্ডি ভীম রেড্ডির বিরুদ্ধে অভিযান চালিয়েছে দুর্নীতিদমন শাখা (এসিবি)। ২ জুলাই শুরু হওয়া তল্লাশি ৬ জুলাই পর্যন্ত চলে। অভিযানে তাঁর আত্মীয় ও ঘনিষ্ঠদের বাড়ি মিলিয়ে তেলঙ্গানা ও কর্নাটকজুড়ে মোট ১৫টি ঠিকানায় তল্লাশি চালানো হয়।
এসিবির দাবি, তল্লাশিতে নগদ প্রায় ৪৩.৬ লক্ষ টাকা, ২ কেজি সোনার গয়না, ২০ কেজি রুপোর গয়না এবং একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২০ লক্ষ টাকা পাওয়া গিয়েছে। এছাড়া হায়দ্রাবাদের ইব্রাহিমবাগে একটি বাংলো, টেলিকমনগরে তিনতলা বাড়ি, পেন্টহাউস ও ফ্ল্যাট, গাছিবোওলি, মণিকোন্ডা ও তেল্লাপুরে একাধিক ফ্ল্যাট, বাণিজ্যিক ভবন ও একটি রিসর্টের পাশাপাশি সঙ্গারেড্ডিতে কৃষিজমির সন্ধান মিলেছে। কর্নাটকেও শত শত একর কৃষিজমি, বেঙ্গালুরুতে জমি এবং আরও একাধিক বেনামি সম্পত্তির তথ্য পেয়েছে তদন্তকারীরা।
প্রাথমিকভাবে সম্পত্তির মূল্য প্রায় ৩০০ কোটি টাকা বলে মনে করা হলেও, তদন্তকারীদের সন্দেহ, মোট সম্পদের মূল্য ৫০০ কোটিরও বেশি হতে পারে। এসিবি জানিয়েছে, ভীম রেড্ডিকে হায়দরাবাদের ইব্রাহিমবাগের বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তদন্ত এখনও চলছে এবং সম্পত্তির চূড়ান্ত মূল্য ও অভিযোগের সত্যতা আদালত ও তদন্তের পরবর্তী পর্যায়ে নির্ধারিত হবে।
