September 23, 2026
WhatsApp Image 2026-09-22 at 8.55.05 PM

আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনে এনডিএ জোটের বিরুদ্ধে থাকা এবং রাজ্যের উন্নয়ন ও সাধারণ মানুষের স্বার্থবিরোধী শক্তিগুলিকে একটি ভোট বা একটি আসনও দেওয়া হবে না।

মঙ্গলবার ধলাই জেলার মনুতে আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে নাইথুংছড়া, দেউআরএফ, কাঞ্চনছড়া এবং পশ্চিম মাছলি গ্রাম সভার এনডিএ-র শরিক দল বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটির গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করার সময় বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ এ কথা বলেন।

ঐদিন মন্ত্রী আমবাসা তেও ভারতীয় জনতা পার্টির কার্যকর তাদের নিয়ে বৈঠক করেন।

মন্ত্রী বলেন, দীর্ঘ ১০ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। ফলে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত ভোটগ্রহণ ইভিএমের মাধ্যমে হলেও এবার ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ হবে। ভিলেজ কমিটি ও পঞ্চায়েত নির্বাচনই স্থানীয় স্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও তৃণমূল পর্যায়ের নির্বাচন। এই নির্বাচনের প্রক্রিয়াও অত্যন্ত জটিল।

তিনি বলেন, এর আগে টিটিএএডিসি নির্বাচনে তিনটি দল পৃথকভাবে লড়াই করেছিল। সেটিও ছিল দলের কৌশলের অংশ। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটি যৌথভাবে ভিলেজ কমিটি নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে।

রতনলাল নাথ বলেন, তিনটি দলই রাজ্য সরকারের অংশ এবং সরকারের প্রতিনিধি হিসেবে তারা একসঙ্গে কাজ করছে। আসন সমঝোতার পরও বিভিন্ন জায়গায় কিছু সমস্যা বা ঘাটতি রয়েছে। সেই বিষয়গুলি চিহ্নিত করে সমাধানের লক্ষ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

তিনি আরও বলেন আমাদের মূল উদ্দেশ্য হল, যারা এনডিএ জোটের বিরোধী, তারা যে দলই হোক না কেন কংগ্রেস, সিপিআই(এম) বা অন্য কোনও দল যারা এনডিএর বিরুদ্ধে রয়েছে এবং যারা রাজ্যের উন্নয়ন চায় না, তাদের যেন একটি আসনও না মেলে, একটি ভোটও না মেলে।

মন্ত্রী বলেন, কেউ পুঁজিবাদে বিশ্বাস করেন, কেউ কমিউনিজমে বিশ্বাস করেন। কিন্তু এনডিএ জোট সাধারণ মানুষের উন্নয়ন এবং সমাজের শেষ সারির মানুষের কল্যাণকে গুরুত্ব দেয়।

তিনি বলেন আমরা কোনও নির্দিষ্ট মতাদর্শের মধ্যে সীমাবদ্ধ নই। আমাদের লক্ষ্য হল সমাজের শেষ প্রান্তে থাকা মানুষের উন্নয়ন নিশ্চিত করা। তাই এই নির্বাচনে আমাদের প্রধান লক্ষ্য যারা মানুষের স্বার্থ ও রাজ্যের উন্নয়নের বিরোধী, তারা যেন কোনওভাবেই জনগণের সমর্থন না পায়।

বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির সহ সভাপতি তাপস ভট্টাচার্য , আইপিএফটি-র তরফে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, তিপরা মথার বিধায়ক পল ডাংসু, এমডিসি রবীন্দ্র দেববর্মা এমডিসি হলিউড চাকমা মহোদয়। বৈঠকে বিজেপি, আইপিএফটি ও তিপরা মথার অন্যান্য জেলা ও স্থানীয় নেতৃত্বরাও উপস্থিতি ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *