August 17, 2026
AAJ 1

পানমশলার বিজ্ঞাপন নিয়ে আইনি জটিলতায় শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ। মহারাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের তরফে সংশ্লিষ্ট তারকাদের বিজ্ঞাপন প্রচার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়া থেকেও বিজ্ঞাপনের প্রচারমূলক সামগ্রী সরানোর কথা বলা হয়েছে।

এরই মধ্যে এক পডকাস্টে পানমশলার বিজ্ঞাপন নিয়ে মুখ খুলেছেন অভিনেতা সানি দেওল। তিনি জানিয়েছেন, এমন পণ্যের বিজ্ঞাপনের প্রস্তাব পেলেও তিনি তা গ্রহণ করেন না, কারণ নিজের বিশ্বাসের বিরুদ্ধে গিয়ে কোনও কাজ করতে চান না।

সানির এই মন্তব্যের পরই তা শাহরুখকে উদ্দেশ্য করে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। ‘ডর’ ছবিকে ঘিরে একসময় শাহরুখ ও সানি দেওলের মধ্যে মনোমালিন্য তৈরি হয়েছিল। ছবিতে শাহরুখের অভিনয় বেশি প্রশংসা পাওয়ায় সানি ক্ষুব্ধ হয়েছিলেন বলে জানা যায়।

তবে ২০২৩ সালে ‘গদর ২’-এর সাফল্যের পর সানি জানিয়েছিলেন, তাঁদের পুরনো বিবাদ মিটে গিয়েছে এবং শাহরুখের সঙ্গে তাঁর বর্তমানে কোনও দূরত্ব নেই। ফলে নতুন মন্তব্য ঘিরে জল্পনা তৈরি হলেও দুই অভিনেতার সম্পর্ক এখন কেমন, তা নিয়ে কোনও নতুন মন্তব্য করেননি সানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *