August 26, 2026
AAJ 1

প্রয়াত কিংবদন্তি মার্কিন কান্ট্রি সঙ্গীতশিল্পী, গীতিকার ও অভিনেত্রী ডলি পার্টন। দীর্ঘদিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। মঙ্গলবার ন্যাশভিলের একটি হাসপাতালে ৮০ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন গায়িকা।  

টেনেসির দরিদ্র পরিবার থেকে উঠে এসে কয়েক দশকের সঙ্গীতজীবনে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন ডলি। ‘জোলিন’, ‘কোট অব মেনি কালার্স’ এবং ‘আই উইল অলওয়েজ লাভ ইউ’-এর মতো জনপ্রিয় গান তাঁকে কান্ট্রি সঙ্গীতের অন্যতম আইকনে পরিণত করে। তাঁর লেখা ‘আই উইল অলওয়েজ লাভ ইউ’ পরে হুইটনি হিউস্টনের কণ্ঠে নতুন করে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পায়।

ছোটবেলা থেকেই গানের প্রতি আগ্রহী ছিলেন ডলি। গির্জায় গান গাওয়ার মাধ্যমে তাঁর সঙ্গীতজীবনের শুরু। স্কুলের পড়াশোনা শেষ করে গান লেখার স্বপ্ন নিয়ে ন্যাশভিলে পাড়ি জমান তিনি। প্রথম দিকে একক গান তেমন সাফল্য না পেলেও পরে কান্ট্রি সঙ্গীতের সঙ্গে পপের মিশেল ঘটিয়ে নিজস্ব ধারার সৃষ্টি করেন।

ছয় দশকেরও বেশি সময়ের কর্মজীবনে ১০০ মিলিয়নের বেশি রেকর্ড বিক্রি এবং ১১টি গ্র্যামি পুরস্কারসহ অসংখ্য সম্মান অর্জন করেন ডলি পার্টন। তাঁর মৃত্যুতে বিশ্বজুড়ে সঙ্গীতপ্রেমীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *