November 11, 2026
AAJ 1

অসমে বুধবার সকালে লাইনচ্যুত হল কলকাতা-সাইরাং এক্সপ্রেস। গুয়াহাটির উপকণ্ঠে ডিগারু রেল স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। রেল সূত্রে খবর, ট্রেনটির ইঞ্জিন-সহ পাঁচটি যাত্রীবাহী বগি লাইনচ্যুত হয়েছে। তবে প্রাথমিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

উত্তর-পূর্ব সীমান্ত রেল সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল ৬টা ৫৪ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। অন্য একটি ট্রেনকে যাওয়ার সুযোগ করে দিতে কলকাতাগামী ট্রেনটিকে ডিগারু স্টেশনে প্রবেশ করানো হচ্ছিল। সেই সময় গতি নিয়ন্ত্রণ করতে না পারায় ইঞ্জিন-সহ পাঁচটি বগি লাইন থেকে ছিটকে যায় বলে জানা গিয়েছে।

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিক ও উদ্ধারকারী দলের সদস্যরা। উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার-সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিকও ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেন। শুরু হয় উদ্ধার ও রেল চলাচল স্বাভাবিক করার কাজ।

রেলের প্রাথমিক বিবৃতি অনুযায়ী, দুর্ঘটনায় কোনও যাত্রীর হতাহতের খবর নেই। যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হয়। তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *