ফের মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানের জেরে বিপর্যস্ত জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার, ডোডা ও রামবন জেলা। শুক্রবার গভীর রাতে কিস্তওয়ারের ছত্রু এলাকায় হড়পা বান আছড়ে পড়ে। পরে চেনাব উপত্যকার একাধিক এলাকাতেও এর প্রভাব পড়ে।
হড়পা বানে কিস্তওয়ার-ছত্রু-সিন্থান জাতীয় সড়কে পাথর, কাদা ও আবর্জনা জমে যান চলাচল ব্যাহত হয়। বেশ কয়েকটি দোকান ও বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুটি গাড়ি ভেসে যায়। পরিস্থিতির কারণে কয়েকটি এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।
কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানান, ঘটনায় এখনও পর্যন্ত প্রাণহানির খবর নেই। ক্ষতিগ্রস্তদের সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে। তিনি জানান, কিস্তওয়ার ও মাচাইলে আগাম বিপর্যয় সতর্কতার জন্য ‘আর্লি ওয়ার্নিং সিস্টেম’ চালু করা হয়েছে।
উল্লেখ্য, গত বছর কিস্তওয়ারের মাচাইলে ভয়াবহ হড়পা বানে ৬৩ জনের মৃত্যু হয়েছিল এবং বহু মানুষ নিখোঁজ হন।
