ডিম-মাংস ছাড়াই মাছের এই পদ থাকলে জমে যাবে ভোজ। অল্প সময়ে সহজেই অন্যরকম স্বাদের কোনও মাছের পদ বানাতে চাইলে তৈরি করে ফেলতে পারেন মৌরি চিংড়ি। ভাত, পোলাও কিংবা ফ্রায়েড রাইস—সব কিছুর সঙ্গেই দিব্যি মানিয়ে যাবে এই পদ।
কী কী লাগবে
মাঝারি মাপের চিংড়ি ৫০০ গ্রাম
হলুদ ১ টেবিলচামচ
আদা-রসুন-কাঁচালঙ্কাবাটা ১ চা-চামচ
পেঁয়াজবাটা ১ টেবিলচামচ
গোলমরিচ ১ টেবিলচামচ
মৌরি ২ টেবিলচামচ
টক দই ১ টেবিলচামচ
ঘি ১ চা-চামচ
কাঁচালঙ্কা ৫-৬টি
স্বাদমতো নুন
স্বাদমতো চিনি
সর্ষের তেল
কীভাবে বানাবেন
চিংড়ির খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিন। নুন ও হলুদ মাখিয়ে অন্তত আধ ঘণ্টা রেখে দিন। এরপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে চিংড়িগুলি মিনিট দুয়েক হালকা ভেজে তুলে রাখুন। অন্য একটি কড়াইয়ে মৌরি ও গোলমরিচ দিয়ে হালকা নাড়াচাড়া করে নিন। ঠান্ডা হলে তা গুঁড়ো করে রাখুন। এ বার চিংড়ি ভাজার তেলেই ঘি দিয়ে গরম করুন। ঘি গরম হলে পেঁয়াজবাটা এবং আদা-রসুন-কাঁচালঙ্কাবাটা দিয়ে ভালো করে কষিয়ে নিন। এর সঙ্গে সামান্য হলুদ ও নুন দিন। মশলা কষানো হয়ে এলে মৌরি ও গোলমরিচের গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করুন। আঁচ কমিয়ে মশলা কষাতে থাকুন। তেল ছাড়তে শুরু করলে ফেটানো টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নিন। মিনিট দুয়েক কষানোর পর ভেজে রাখা চিংড়ি দিয়ে দিন। সঙ্গে দিন চেরা কাঁচালঙ্কা। মশলার সঙ্গে চিংড়ি ভালো করে কষিয়ে সামান্য গরম জল দিয়ে কড়াই ঢেকে দিন। মিনিট পাঁচেক রান্না হতে দিন। রান্না হয়ে এলে নামানোর আগে উপর থেকে সামান্য মৌরি ও গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিন। ব্যস, তৈরি সুগন্ধি মৌরি চিংড়ি। ভাত, পোলাও কিংবা ফ্রায়েড রাইসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু এই পদ।
