রবিবার বারাণসীতে দেশব্যাপী ‘নেশামুক্ত যুব ফর বিকশিত ভারত’ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অসমের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১০০ সপ্তাহব্যাপী এই মাদকবিরোধী অভিযানের সূচনা করেন। এর মূল লক্ষ্য মাদকাসক্তি নির্মূল করা এবং ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত গড়ার লক্ষ্যে যুবসমাজকে সক্রিয়ভাবে যুক্ত করা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন, এই অভিযান একটি সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলার জাতীয় উদ্যোগ। তিনি জানান, দীর্ঘমেয়াদি এই কর্মসূচি জনসচেতনতা বৃদ্ধি, ইতিবাচক আচরণগত পরিবর্তন এবং মাদকের বিরুদ্ধে সামাজিক অংশগ্রহণকে আরও শক্তিশালী করবে।
মাদকাসক্তি রোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় সংগঠন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। অসমের প্রসঙ্গ উল্লেখ করে রাজ্যপাল বলেন, উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় সামাজিক সচেতনতা ও জনঅংশগ্রহণ মাদকবিরোধী লড়াইয়ে ইতিবাচক ফল এনে দিয়েছে।
রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হিসেবে তাঁর নির্দেশে অসমের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের সরাসরি সম্প্রচার দেখানো হয়। শিক্ষার্থী, শিক্ষক এবং শিক্ষাঙ্গনের অন্যান্য সদস্যরাও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এই অভিযানে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এছাড়া, যুবসমাজকে সামাজিক যোগাযোগমাধ্যম দায়িত্বশীলভাবে ব্যবহার করে মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান রাজ্যপাল। অনুষ্ঠানের আয়োজনে গায়ত্রী পরিবার-এর ভূমিকারও প্রশংসা করেন তিনি এবং আশা প্রকাশ করেন, এই কর্মসূচি ভবিষ্যতে একটি সর্বভারতীয় গণআন্দোলনে পরিণত হবে।
