July 4, 2026
image (7)

অসম সরকার অমৃত বৃক্ষ্য আন্দোলন-এর আওতায় আগামী ১০ থেকে ১৪ আগস্ট পর্যন্ত রাজ্যজুড়ে এক কোটি চারা রোপণের লক্ষ্যে একটি বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে। বৃহস্পতিবার ৭৭তম বনমহোৎসব উপলক্ষে পোবিতোরা বন্যপ্রাণী অভয়ারণ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা করেন রাজ্যের বনমন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া।

অনুষ্ঠানে বনমন্ত্রী, বন বিভাগের আধিকারিক এবং স্থানীয় বাসিন্দারা প্রতীকীভাবে ৭৭টি চারা রোপণ করেন। তিনি জানান, পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচিতে রাজ্যের প্রায় ১০ লক্ষ শিক্ষার্থী অংশ নেবেন। নবম শ্রেণি থেকে শুরু করে কলেজ, ইঞ্জিনিয়ারিং ও মেডিক্যাল শিক্ষার্থীরা প্রত্যেকে ১০টি করে চারা রোপণ করবেন।

রোপিত চারাগুলোর পরিচর্যার জন্য জব কার্ডধারীদের নিয়োজিত করা হবে। চারা বেঁচে থাকার হার অনুযায়ী তাঁদের প্রণোদনাও দেওয়া হবে, যাতে বৃক্ষরোপণের দীর্ঘমেয়াদি সাফল্য নিশ্চিত করা যায়।

এছাড়া আগামী বছরের এপ্রিল থেকে ‘ফলবাড়ি’ উদ্যোগের মাধ্যমে এক কোটি দেশীয় ফলদ গাছের চারা বিতরণ করা হবে। এ লক্ষ্যে চলতি বছরের অক্টোবর থেকেই রাজ্যজুড়ে নার্সারি গড়ে তোলা হবে।

বনমন্ত্রী আরও জানান, প্রতিটি বন রেঞ্জে ‘বার্থডে গার্ডেন’ গড়ে তোলা হবে, যাতে মানুষ জন্মদিনে গাছ লাগাতে উৎসাহিত হন। পাশাপাশি সিড-বল প্রযুক্তির মাধ্যমে চর ও চাপরি এলাকায় বনায়ন করে জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশ পুনরুদ্ধারের উদ্যোগও নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *