উত্তর জেলার ধর্মনগরে গত কিছুদিন ধরে চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি ধর্মনগর মহকুমার সোনারুবাসা ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা সুরজিৎ নাথের বাড়িতে চোরেরা হামলা চালায়। চোরেরা নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়।
সুরজিৎ নাথ জানান, তাঁর ছেলেকে স্কুল থেকে আনতে গিয়ে এবং তাঁর স্ত্রী ও ব্যক্তিগত কাজে বাইরে থাকার কারণে বাড়ি খালি ছিল। ৪০ মিনিট পর ফিরে এসে তিনি দেখতে পান, ঘরের দরজার তালা ভাঙ্গা এবং সবকিছু এলোমেলো। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এসে জমা হয় এবং ধর্মনগর থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে।
তদন্তের এক ঘন্টার মধ্যে, ধর্মনগর রেল স্টেশন এলাকা থেকে সন্দেহভাজন আসামের দুই যুবক, ছমির উদ্দিন ও আবদুল বাজিদকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে নগদ ৬,০৪০ টাকা, স্বর্ণালঙ্কার, রূপা এবং দুইটি মোবাইল উদ্ধার করা হয়। বর্তমানে, পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে এবং চুরির মামলায় তদন্ত অব্যাহত রেখেছে।
উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানান, ধর্মনগরে প্রতিনিয়ত চুরির ঘটনার সাথে এরা জড়িত। আসাম থেকে এসে ধর্মনগরে চুরি করে তারা।
