ত্বকের যতই যত্ন নেওয়া হোক, একেবারে নিখুঁত ত্বক কিন্তু খুব কম মানুষেরই থাকে। কারও চোখের নীচে হালকা কালি, কারও গালে কালচে দাগ, কারও আবার রোদে পোড়া ছাপ স্পষ্ট। তবে চাইলে খুব সহজেই এই ছোটখাটো খুঁতগুলো আড়াল করে ত্বককে সুন্দর করা তোলা সম্ভব। ভারী মেকআপ ছাড়াই, মাত্র ৫ মিনিটেই সম্ভব হালকা ও ন্যাচারাল লুক। জানুন কৌশল।
প্রস্তুতি : মেকআপ শুরুর আগে ত্বকের প্রস্তুতি দরকার। রুক্ষ ত্বকে মেকআপের ঔজ্জ্বল্য আসে না। তাই প্রথমেই ভালো করে মুখ পরিষ্কার করে নিতে হবে। এরপর ত্বকের উপযোগী ময়েশ্চারাইজার ব্যবহার করুন। দিনের বেলায় অবশ্যই সানস্ক্রিন মাখতে ভুলবেন না।
কনসিলার : মুখের কালচে দাগ, চোখের নীচের কালি কিংবা ডার্ক সার্কল ঢাকতে কনসিলার হতে পারে আপনার সেরা ভরসা। যারা ভারী ফাউন্ডেশন বা চড়া মেকআপ পছন্দ করেন না, তাদের জন্য এটি একদম পারফেক্ট সমাধান। ক্রিম বা স্টিক জাতীয় কনসিলারও খুব সহজেই ত্বকের দাগ, পিগমেন্টেশন ও ক্লান্তির ছাপ মুহূর্তে ঢেকে দিয়ে ত্বকে আনে ন্যাচারাল ও ফ্রেশ লুক।
বিবি ক্রিম বা ম্যুজ : নো মেকআপ লুকের জন্য দিনের বেলায় বিবি ক্রিম বা ম্যুজ ব্যবহার করতে পারেন। এটি ময়েশ্চারাইজার, প্রাইমার, ফাউন্ডেশন এবং সানস্ক্রিনের সব উপকারিতা একসাথে নিয়ে আসে। ত্বককে আর্দ্র রাখতেও সাহায্য করে। অল্প পরিমাণ আঙুলে নিয়ে মুখে হালকাভাবে টিপ টিপ করে লাগাতে হবে, তারপর হালকা মাসাজ করলে তা সুন্দরভাবে মিশে যায় এবং মুখে ন্যাচারাল জেল্লা আসে। ম্যুজও অনেক হালকা, ফাউন্ডেশনের মতো কাজ করে, তবে সহজে ত্বকের সঙ্গে মিলিয়ে যায়। আপনি চাইলে বিবি ক্রিম বা ম্যুজের মধ্যে যেকোনো একটি বেছে নিতে পারেন। শুধু মনে রাখতে হবে, ত্বকের সঙ্গে ম্যুজের শেড যেন ভালোভাবে খাপ খায়।
চোখ : মেকআপ যত হালকা হোক না কেন, সঠিক ভ্রুর আকার এবং চোখে হালকা কাজল দিলেই চোখ অনেক প্রাণবন্ত দেখায়। ভ্রু সুন্দরভাবে তৈরি করতে গাঢ় বাদামী আই-ব্রো পেনসিল বেছে নিতে পারেন। চোখের ওপর এবং নিচে চওড়া করে কাজল লাগিয়ে ব্রাশ দিয়ে মেশালে চেহারায় ‘স্মোকি আই’ লুক পাবেন। চাইলে সরু আইলাইনার দিয়েও চোখকে ভিন্ন ভাব দিতে পারেন। চোখের ভলিউম বাড়াতে মাস্কারা ব্যবহার করুন।
ব্লাশ : ক্রিম ব্লাশের হালকা ছোঁয়া নাক ও গালের উঁচু অংশে লাগান। পিচ বা টেরাকোটা রঙের ব্লাশ স্টিক ব্যবহার করে ব্রাশ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। একটু ব্লাশ নাকের ডগাতেও লাগালে মুখ আরও প্রাকৃতিক এবং উজ্জ্বল দেখাবে।
লিপস্টিক : সাজ শেষ করুন টিন্টেড লিপ বাম দিয়ে। চাইলে প্রিয় লিপস্টিকও ব্যবহার করতে পারেন। দিনের অনুষ্ঠান হলে ন্যুড শেড বেছে নিন, হালকা ও গাঢ় যে কোনো পোশাকের সঙ্গে মানাবে এই শেড।
