March 23, 2026
Screenshot 2026-02-04 174616

প্রাক্তন বন্ধুর দলবদলকে কেন্দ্র করে বুধবার সকালে সংসদে তৈরি হলো নাটকীয় মুহূর্ত। কেন্দ্রীয় মন্ত্রী রবনীত সিংহ বিট্টুকে দেখে রাহুল গান্ধী বিদ্রুপের সুরে ‘বিশ্বাসঘাতক বন্ধু’ বলে ডাকলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিট্টুও চুপ থাকেননি; তিনি সরাসরি রাহুল গান্ধীকে ‘দেশের শত্রু’ তকমা দিয়ে পাল্টা জবাব দেন।

সংসদের মকর দ্বারের সামনে তখন কংগ্রেসের প্রতিবাদী স্লোগান চলছে। ভারত-মার্কিন বাণিজ্য সমঝোতা নিয়ে প্রধানমন্ত্রীর ভূমিকার সমালোচনা করে একটি বড় ব্যানার ধরে দাঁড়িয়েছিলেন কংগ্রেস সাংসদেরা, যেখানে সরাসরি দেশের স্বার্থে আপসের অভিযোগ তোলা হয়েছিল। উল্লেখ্য, আগের দিনই রাহুল গান্ধী এই বাণিজ্য চুক্তিতে আমেরিকার প্রতি প্রধানমন্ত্রীর ‘পক্ষপাতিত্বের’ অভিযোগ তোলেন। এই বিক্ষোভের মাঝখান দিয়েই তখন পথ পার হচ্ছিলেন রাজ্যসভার বিজেপি সাংসদ তথা রেল প্রতিমন্ত্রী রবনীত সিংহ বিট্টু।

বিট্টুকে দেখতে পেয়েই রাহুল গান্ধী সেখানে উপস্থিত কংগ্রেস সাংসদদের উদ্দেশে বলে ওঠেন, “একজন বিশ্বাসঘাতক হেঁটে আসছে, ওঁর মুখের দিকে চেয়ে দেখুন।” এরপর মকর দ্বারের সিঁড়িতে দাঁড়িয়েই সামনে থাকা বিট্টুর দিকে করমর্দনের জন্য হাত বাড়িয়ে দেন রাহুল। বিদ্রুপের সুরে তিনি বলেন, “আমার বিশ্বাসঘাতক বন্ধু! ভয় পেও না, তুমি ঠিক (কংগ্রেসে) ফিরে আসবে।” তবে বিট্টু সেই হ্যান্ডশেক প্রত্যাখ্যান করেন এবং রাহুলকে সরাসরি ‘দেশের শত্রু’ বলে পাল্টা আক্রমণ করে সেখান থেকে চলে যান। এই ঘটনায় কংগ্রেস সাংসদরা ক্ষোভে ফেটে পড়লে রাহুল নিজেই হাত নেড়ে তাঁদের শান্ত হওয়ার ইশারা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *