পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর আকাশে নজরদারি চালানোর সময়ে উধাও মার্কিন নৌসেনার অত্যাধুনিক ড্রোন এমকিউ-৪সি ট্রিটন। বিশ্বের অন্যতম ব্যয়বহুল এই ড্রোনটির প্রতিটির নির্মাণ খরচ প্রায় ২০ কোটি মার্কিন ডলার।
সূত্রের খবর, ড্রোনটি প্রায় তিন ঘণ্টা ধরে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর উপর নজরদারি চালানোর পর ইতালির সিগোনেলা নৌঘাঁটির উদ্দেশ্যে ফিরছিল। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ফ্লাইটরেডার২৪-এর তথ্য অনুযায়ী, ফেরার পথে ড্রোনটি আচমকা ইরানের দিকে সামান্য মোড় নেয়। ঠিক সেই সময় ড্রোন থেকে জরুরি অবতরণ সংকেত ‘৭৭০০’ কোড পাঠানো হয়। এরপর দ্রুত উচ্চতা কমাতে কমাতে কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণভাবে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। শেষবার হরমুজ প্রণালীর আকাশেই এটিকে দেখা গিয়েছিল।
এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে আন্তর্জাতিক মহলে।
