লাদাখের গালওয়ান উপত্যকায় বিশ্বের সর্বোচ্চ যুদ্ধস্মারকের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ‘ভারত রণভূমি দর্শন’ উদ্যোগের আওতায় নির্মিত এই স্মারকটি গড়ে উঠেছে ২০২০ সালে গালওয়ান উপত্যকার ভয়াবহ সংঘর্ষে চিনা সেনাদের সঙ্গে লড়াইয়ে শহিদ হওয়া ২০ জন ভারতীয় সেনার স্মৃতিকে শ্রদ্ধা জানাতে।
প্রায় ১৪,৫০০ ফুট উচ্চতায় অবস্থিত এই যুদ্ধস্মারক ভারতীয় সেনার বীরত্ব ও আত্মত্যাগের এক অনন্য প্রতীক। লাল ও কালো গ্রানাইট দিয়ে নির্মিত স্মারকটিতে স্থাপন করা হয়েছে গালওয়ানে শহিদ হওয়া ২০ জন সাহসী জওয়ানের ব্রোঞ্জের মূর্তি। রয়েছে ‘চির অগ্নি’, জাতীয় পতাকা, আধুনিক মিউজিয়াম, ডিজিটাল গ্যালারি সহ একটি অডিটোরিয়ামও।
পর্যটকদের জন্য তৈরি করা হয়েছে বিশেষ ভিজিটর জোন, ক্যাফে, স্যুভেনির শপ ও সেলফি পয়েন্ট। স্মারকটির উদ্দেশ্য শুধু শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন নয়, সীমান্তের বাস্তব পরিস্থিতি ও ভারতীয় সেনার ত্যাগকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা।
প্রতিরক্ষামন্ত্রী জানান এই স্মারক ভারতের অসাধারণ সাহস ও সীমান্তরক্ষীদের আত্মত্যাগের অমর প্রতীক হয়ে থাকবে।
