পথ কুকুরের পক্ষে সুপ্রিম কোর্টে সওয়াল করলেন প্রবীণ অভিনেত্রী শর্মিলা ঠাকুর, তবে সেই সমস্ত সওয়ালই কার্যত খারিজ করে দিল সুপ্রিম কোর্ট৷ পথকুকুর সংক্রান্ত সমস্যা ঘিরে একমুখী সমাধানের পক্ষে শীর্ষ আদালতে শুক্রবার একাধিক সওয়াল করছিলেন অভিনেত্রী শর্মিলা ঠাকুরের আইনজীবী৷ তা শুনে একের পর এক তা খারিজ করে সুপ্রিম কোর্ট৷ জানায়, ‘‘আপনি বাস্তব থেকে অনেক দূরে৷’’
প্রসঙ্গত, রাস্তা, রেল স্টেশন, হাসপাতাল, স্কুল, সব জায়গা থেকেই পথকুকুরদের সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট৷ তবে পথকুকুরদের সমস্যা মেটানোর জন্য তাদের নিজেদের ‘এলাকা’ থেকে সরিয়ে ফেলা উপযুক্ত সিদ্ধান্ত নয় বলে আদালতে জানান শর্মিলা ঠাকুর৷ তা প্রমাণ করতে বেশ কয়েকটি উদাহরণ তুলে ধরেন তাঁর আইনজীবী৷ সুপ্রিম কোর্টে শর্মিলা ঠাকুরের আইনজীবী জানান, ‘‘এমন অনেক কুকুর থাকে, যাঁদের সত্যিই সরিয়ে ফেলার প্রয়োজন রয়েছে৷ তবে, সাধারণ নিরীহ পথকুকুর এবং আগ্রাসী পথকুকুরদের মধ্যে পৃথকীকরণ প্রয়োজন৷
যে সমস্ত কুকুর আগ্রাসী বা কারওকে কামড়েছে, তেমন কুকুরদের আলাদা রঙের কলার পরানোর কথাও বলেন শর্মিলা ঠাকুরের আইনজীবী৷ গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, রাস্তা থেকে সমস্ত পথকুকুরদের সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়নি৷ পথকুকুরদের জন্ম নিয়ন্ত্রণের চিকিৎসা করানোর নির্দেশ দেওয়া হয়েছে শীর্ষ আদালতের তরফে৷ শর্মিলা ঠাকুর তাঁর আইনজীবী মারফত অবোলা পথকুকুরদের হয়ে আদালতে সওয়াল করেন, ‘‘পথকুকুরদের এই সমস্যার বিষয়টি নিয়ন্ত্রণ করতে বিজ্ঞান এবং মনোবিজ্ঞানের সাহায্য নেওয়া উচিত৷
