April 7, 2026
AAJ 1

বক্সঅফিসে জমজমাট ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। রণবীর সিংহয়ের দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি ছবির সঙ্গীতও সমানভাবে দর্শকদের মন জয় করেছে। দেশ-বিদেশের সুরের মেলবন্ধনে তৈরি গানগুলি ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে সঙ্গীতপ্রেমীদের প্লে-লিস্টে। আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সঙ্গীত পরিচালক শাশ্বত সচদেব।
শাস্ত্রীয় ও পাশ্চাত্য সঙ্গীতের মেলবন্ধনে নিজস্ব ধারা তৈরি করা শাশ্বত, এই ছবিতেও সেই স্বাক্ষর রেখেছেন। ‘জান সে গুজরতে হ্যাঁয়’, ‘জাইয়ে সজনা’ ও ‘মন অটকেয়া’ মতো ছবির জনপ্রিয় গানগুলি চিত্রনাট্যের সঙ্গে মিলিয়ে নতুন আঙ্গিকে উপস্থাপন করেছেন তিনি।
১৯৮৭ সালে জয়পুরে জন্ম শাশ্বতের। মাত্র তিন বছর বয়স থেকে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে হাতেখড়ি। দীর্ঘ ২১ বছর উস্তাদ রমজান খানের কাছে তালিম নেওয়ার পাশাপাশি পাশ্চাত্য সঙ্গীত ও পিয়ানোতেও দক্ষতা অর্জন করেন। সিমবায়োসিস ল স্কুল থেকে পড়াশোনা শেষে ২০১১ সালে লস অ্যাঞ্জেলেসে গিয়ে সাউন্ড ডিজাইনিং-এ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। দেশে ফিরে বলিউডে কাজ শুরু, ২০১৭ সালের ‘ফিল্লৌরি’ তাঁর প্রথম ছবি। এরপর ‘উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’ তাঁকে পরিচিতি এনে দেয়, তবে ‘ধুরন্ধর’-ই তাঁকে শীর্ষে পৌঁছে দিয়েছে।
এক সাক্ষাৎকারে শাশ্বত জানান, কেরিয়ারের শুরুতেই তাঁর উপর ভরসা রেখেছিলেন আদিত্য ধর। “২০১৬ সালে প্রথম দেখা, তখন আমার কোনও প্রকাশিত কাজই ছিল না। তবুও তিনি আমার উপর বিশ্বাস রেখেছিলেন,” বলেন সঙ্গীত পরিচালক।
‘ধুরন্ধর’ ছাড়াও ‘বীরে দি ওয়েডিং’, ‘অ্যাটাক’, ‘তেজস’ ও ‘আর্টিকেল ৩৭০’-এর মতো ছবিতেও কাজ করেছেন শাশ্বত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *