বলিউডের সবথেকে বড় ফিমেল-লেড ফ্র্যাঞ্চাইজি ‘মর্দানি’ দশ বছর পূর্ণ করার পর এবার তৃতীয় কিস্তি নিয়ে হাজির হচ্ছেন রানি মুখোপাধ্যায়। যশ রাজ ফিল্মস শনিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, রানি মুখোপাধ্যায় অভিনীত ‘মর্দানি ৩’ নির্ধারিত সময়ের আগেই মুক্তি পাবে। ২০২৬ সালের ৩০ জানুয়ারি বড় পর্দায় ফিরছেন সুপারকপ শিবানী শিবাজী রায়।
নতুন পোস্টারের সাথে এই ছবির প্লট সম্পর্কেও ইঙ্গিত দিয়েছে নির্মাতারা। এবারের গল্পটি আবর্তিত হবে দেশজুড়ে নিখোঁজ হওয়া অসংখ্য মেয়েদের উদ্ধারের ওপর ভিত্তি করে। এটি হবে ভালো বনাম মন্দের এক চরম লড়াই। রানি আগেই জানিয়েছিলেন যে, এই কিস্তিটি আগের দুটির চেয়ে অনেক বেশি ‘ডার্ক, ডেডলি এবং ব্রুটাল’ অর্থাৎ অন্ধকারাচ্ছন্ন ও হিংস্র হবে।
সোশ্যাল মিডিয়ায় প্রথম পোস্টার মুক্তি পাওয়ার পর থেকেই অনুরাগীদের মধ্যে কৌতূহল তুঙ্গে। নতুন বছরের শুরুতেই বক্স অফিসে রানির এই দুর্ধর্ষ প্রত্যাবর্তনের অপেক্ষায় দিন গুনছে সিনেমাপ্রেমীরা।
