February 11, 2026
sunny (3)

মথুরায় গণবিক্ষোভ এবং সাধু-সন্তদের বিরোধিতায় বাতিল হল বলিউড অভিনেত্রী সানি লিওনের বর্ষবরণের অনুষ্ঠান। নতুন বছর উপলক্ষে মথুরার একটি বেসরকারি হোটেলে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু স্থানীয় ধর্মীয় সংগঠন এবং সাধুদের হুমকির মুখে হোটেলের পক্ষ থেকে বুকিং বাতিল করা হয়।

জানা গেছে ‘দীনেশ ফলাহারী মহারাজ’ জেলাশাসককে একটি চিঠি লিখে এই অনুষ্ঠান অবিলম্বে বন্ধ করার দাবি জানান। তাঁর অভিযোগ ছিল, মথুরা ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমি এবং পবিত্র তীর্থস্থান। এই ধরনের শহরে কোনো প্রকার ‘অশ্লীলতা’ বা ‘কুরুচিকর’ অনুষ্ঠান মেনে নেওয়া হবে না।

বিক্ষোভের আঁচ তীব্র হতেই অনুষ্ঠানের আয়োজক মিতুল পাঠক সামাজিক মাধ্যমে একটি ভিডিও বার্তা দিয়ে অনুষ্ঠান বাতিলের ঘোষণা করেন। তিনি জানান, শহরে শান্তি বজায় রাখতে এবং কোনো প্রকার বিতর্ক এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আইন-শৃঙ্খলার কোনো অবনতি ঘটেনি। স্থানীয় মানুষের ধর্মীয় অনুভূতি ও ঐতিহ্যের কথা মাথায় রেখে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে বর্ষবরণের উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *