ফের ভারতে পারফর্ম করতে আসছেন ‘কুইন অফ লাটিন মিউজিক’ হিসেবে বিশ্ববিখ্যাত পপ তারকা শাকিরা। এপ্রিল মাসে মুম্বই ও দিল্লিতে তিনটি অনুষ্ঠানে অংশ নেবেন গান ও নাচে পারদর্শী এই শিল্পী।
সূত্রের খবর, ১০ এপ্রিল মুম্বইয়ের মহালক্ষ্মী রেসকোর্সের মাঠে এবং ১৫ এপ্রিল দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠান করবেন শাকিরা। কিন্তু অনুরাগীদের প্রবল আগ্রহের কারণে তিনি তাঁর ‘ইন্ডিয়া ট্যুর’-এ আরও একটি শো যোগ করেছেন। ১১ এপ্রিলও মুম্বইয়ের একই ভেন্যুতে মঞ্চে উঠবেন তিনি। ফলে মুম্বইয়ে টানা দু’দিন এবং দিল্লিতে এক দিন পারফর্ম করবেন আন্তর্জাতিক এই তারকা।
শাকিরা শেষবার ভারতে এসেছিলেন ২০০৭ সালে। এরপর আর ভারতে তাঁর সরাসরি কনসার্ট হয়নি। যদিও সম্প্রতি অনন্ত অম্বানীর প্রাক-বিবাহ অনুষ্ঠানে গান গেয়েছিলেন তিনি, তবে সেই অনুষ্ঠানটি ভারতের বাইরে অনুষ্ঠিত হয়েছিল।
এবারের শো-র সর্বনিম্ন টিকিটের মূল্য ধরা হয়েছে প্রায় ৬০০০ টাকা। তবে এই কনসার্টগুলির পিছনে রয়েছে একটি সামাজিক উদ্যোগ। শাকিরা জানিয়েছেন, এই অনুষ্ঠানের আয় থেকে একটি অংশ শিশুদের খাদ্য ও পুষ্টি সংক্রান্ত উদ্যোগে দান করা হবে।
