আফ্রিকার ফুটবলে নজিরবিহীন ঘটনা। আফ্রিকা কাপ অফ নেশনস (অ্যাফকন) ফাইনালে নাটকীয় জয়ের পরও শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারল না সেনেগাল। নিয়মভঙ্গের অভিযোগে তাদের কাছ থেকে ট্রফি কেড়ে নিয়ে দেওয়া হল মরক্কোকে।
ফাইনাল ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটে কোনও দলই গোল করতে পারেনি। অতিরিক্ত সময়ে কর্নার থেকে গোল করে এগিয়ে যায় সেনেগাল। কিন্তু রেফারি সেই গোল বাতিল করেন। অভিযোগ ছিল, গোলের আগে ফাউল করা হয়েছিল মরক্কোর এক ফুটবলারের ওপর। এর পরেই ম্যাচে শুরু হয় উত্তেজনা। পরের মুহূর্তে মরক্কোর পক্ষে পেনাল্টি দেন রেফারি, যখন বক্সে ফাউল করা হয় ব্রাহিম দিয়াজকে। সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে সেনেগালের ফুটবলাররা প্রতিবাদে মাঠ ছেড়ে বেরিয়ে যান, কোচ পাপে বৌনা থিয়াও-এর নির্দেশে।
যদিও পরে অধিনায়ক সাদিয়ো মানের হস্তক্ষেপে প্রায় ২০ মিনিট পর আবার মাঠে ফেরে দল। খেলা পুনরায় শুরু হলে পেনাল্টি নিতে যান দিয়াজ, কিন্তু গোলরক্ষক এডুয়ার্ড মেন্ডি তা রুখে দেন। শেষদিকে বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করে সেনেগালকে এগিয়ে দেন পাপা গুয়েই। সেই গোলেই ম্যাচ জিতে নেয় সেনেগাল এবং প্রথমে তাদেরই চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
কিন্তু ম্যাচের পর বড় মোড়। আফ্রিকার ফুটবল সংস্থার নিয়ম অনুযায়ী, রেফারির অনুমতি ছাড়া মাঠ ত্যাগ করলে সংশ্লিষ্ট দলকে ০-৩ গোলে পরাজিত ধরা হবে। মরক্কোর অভিযোগের ভিত্তিতে তদন্তে সেই নিয়ম প্রযোজ্য বলে জানায় সংস্থা। ফলে ম্যাচের ফল পরিবর্তন করে ৩-০ গোলে জয়ী ঘোষণা করা হয় মরক্কোকে। ইতিহাসে প্রথমবারের মতো অ্যাফকন চ্যাম্পিয়ন হল তারা।
