March 19, 2026
AAJ 1

বিশ্ব জ্বালানি বাজারে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। রাশিয়া থেকে চিনের উদ্দেশ্যে রওনা দেওয়া একাধিক তেলবাহী জাহাজ মাঝসমুদ্রেই দিক পরিবর্তন করে ভারতের দিকে এগোচ্ছে।

সূত্রের খবর, অন্তত সাতটি ট্যাঙ্কার তাদের নির্ধারিত গন্তব্য বদলে এখন ভারতের বন্দরের দিকে রওনা দিয়েছে। এই তালিকায় উল্লেখযোগ্য ‘অ্যাকুয়া টাইটান’ নামের একটি তেলবাহী জাহাজ। জানুয়ারির শেষদিকে বাল্টিক সাগরের একটি বন্দর থেকে ‘উরালস’ অপরিশোধিত তেল নিয়ে যাত্রা শুরু করেছিল জাহাজটি।

প্রথমে এর গন্তব্য ছিল চিনের রিঝাও বন্দর। তবে মার্চের মাঝামাঝি দক্ষিণ চিন সাগরে পৌঁছে আচমকাই ইউ-টার্ন নেয় জাহাজটি। বর্তমানে এটি ভারতের নিউ মাঙ্গালোর বন্দরের দিকে অগ্রসর হচ্ছে ও আগামী ২১ মার্চ সেখানে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের তরফে ভারতকে সাময়িকভাবে রাশিয়ার তেল আমদানির অনুমতি দেওয়ার পরই এই পরিবর্তন লক্ষ করা যাচ্ছে।

অন্যদিকে, মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে যুদ্ধ পরিস্থিতির জেরে তেলের সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সেই কারণে বিকল্প উৎস হিসেবে রাশিয়ার উপর নির্ভরতা বাড়াচ্ছে ভারত। জানা গিয়েছে, মাত্র এক সপ্তাহের মধ্যে ভারত প্রায় ৩ কোটি ব্যারেল রাশিয়ান তেল আমদানি করেছে।

শুধু ভারতই নয়, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশও ফের রাশিয়ার তেল কেনার দিকে ঝুঁকছে। ফলে চিনের পরিবর্তে নতুন বাজারের সন্ধানে রাশিয়ার এই কৌশলগত পরিবর্তন বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতির জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দামের উপরও প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। বিশ্ব জ্বালানি বাণিজ্যে নতুন ভারসাম্য তৈরি হতে চলেছে বলেই মনে করছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *