অনলাইন লেনদেনে জালিয়াতি ঠেকাতে এবং ডিজিটাল ব্যাঙ্কিং ব্যবস্থার প্রতি গ্রাহকদের আগ্রহ ও ভরসা বজায় রাখতে দেশের বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে তাদের ইন্টারনেট ব্যাঙ্কিং ওয়েবসাইটকে এক্সক্লুসিভ ইন্টারনেট ডোমেন—‘ব্যাঙ্ক.ইন’-এ সরাতে বলেছে। বুধবার এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছে রিজ়ার্ভ ব্যাঙ্ক (আরবিআই)। ওই নির্দেশিকায় বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে তাদের বর্তমান ডোমেন থেকে ইন্টারনেট ব্যাঙ্কিং-এর ওয়েবসাইট ‘ব্যাঙ্ক.ইন’ ডোমেন-এ সরাতে বলা হয়েছে। গোটা প্রক্রিয়া যে কোনও উপায়েই চলতি বছরের ৩১ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে বলে ব্যাঙ্কগুলিকে জানিয়েছে শীর্ষ ব্যাঙ্ক।
জিজিটাল পেমেন্টের সময় জালিয়াতির সংখ্যা বেড়ে যাওয়ায় দেশের আর্থিক ক্ষেত্রে সাইবার নিরাপত্তা পরিকাঠামো জোরদার করতে তাদের এই উদ্যোগের কথা চলতি বছরের ৭ ফেব্রুয়ারি ঘোষণা করেছিল কেন্দ্র।
নির্দিষ্ট ‘ব্যাঙ্ক.ইন’ ডোমেন অনলাইন নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি ফিশিং অ্যাটাক কমাবে। একই সময়ে ডিজিটাল ব্যাঙ্কিং এবং পেমেন্ট ব্যবস্থার উপর গ্রাহকদের ভরসা বাড়াবে।
এ দিন আরবিআইয়ের প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছে, ‘৭ ফেব্রুয়ারির ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি পলিসি সংক্রান্ত বিবৃতির ৪ নম্বর অনুচ্ছেদ দেখুন। ওই অনুচ্ছেদে আর্থিক ক্ষেত্রের উপর সাধারণের বিশ্বাস বাড়াতে ব্যাঙ্ক.ইন এবং ফিন.ইন নামের এক্সক্লুসিভ ডোমেনের উল্লেখ করা হয়েছে। সাইবার নিরাপত্তার পরিকাঠামো উন্নয়নের জন্য এবং ডিজিটাল ব্যাঙ্কিং এবং পেমেন্ট সিস্টেমে গ্রাহকদের ভরসা বাড়াতে এই ব্যবস্থার উল্লেখ করা হয়েছে।’
বাণিজ্যিক ব্যাঙ্কগুলির জন্য ব্যাঙ্ক.ইন ডোমেন কার্যকর করার প্রক্রিয়া ইনস্টিটিউট ফর ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ইন ব্যাঙ্কিং টেকনোলজির (আইডিআরবিটি) মাধ্যমে করা হবে। ন্যাশনাল ইন্টারনেট এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া আইডিআরবিটিকে স্বীকৃতি দিয়েছে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরুর জন্য ব্যাঙ্কগুলি আইডিআরবিটির সঙ্গে যোগাযোগ করতে পারে। sahyog@idrbt.ac.in-এ গিয়ে এই প্রক্রিয়া শুরু করতে পারবে তারা। আবেদন প্রক্রিয়া থেকে শুরু করে নতুন ডোমেন-এ ইন্টারনেট ব্যাঙ্কিং ব্যবস্থা সরানোর বিষয়ে ব্যাঙ্কগুলিকে সাহায্য করবে আইডিআরবিটি।
