February 11, 2026
AAJ 1

বছরের শেষ লগ্নে যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। আবারও ট্রেনের ভাড়া বাড়ানোর ঘোষণা করা হয়েছে রেলের তরফে। ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে নতুন ভাড়ার কাঠামো, যা আগামী ২৬ ডিসেম্বর থেকে কার্যকর হতে চলেছে। তবে স্বস্তির বিষয়, এই ভাড়া বৃদ্ধি লোকাল ট্রেন ও মান্থলি সিজন টিকিটের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

রেলের বিবৃতিতে জানানো হয়েছে, নতুন ভাড়ার আওতায় লোকাল ট্রেনের পাশাপাশি মান্থলি সিজন টিকিটের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। এমনকি ২১৫ কিলোমিটার পর্যন্ত জেনারেল কোচে সফরকারী যাত্রীদেরও বাড়তি ভাড়া দিতে হবে না। তবে ২১৫ কিলোমিটারের বেশি দূরত্বে জেনারেল কোচে যাতায়াত করলে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়বে ১ পয়সা করে।

অন্যদিকে, মেইল ও এক্সপ্রেস ট্রেনে এসি ও নন-এসি ক্লাসে প্রতি দুই কিলোমিটারে ভাড়া বাড়ছে ২ পয়সা করে। এছাড়াও, ৫০০ কিলোমিটারের বেশি দূরত্বে নন-এসি কামরায় সফরকারীদের জন্য অতিরিক্ত ১০ টাকা ভাড়া বৃদ্ধি করা হয়েছে।

হঠাৎ এই ভাড়া বৃদ্ধির কারণ হিসেবে রেল জানিয়েছে, গত এক দশকে ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছে রেলের নেটওয়ার্ক। যাত্রী পরিষেবা উন্নত করার পাশাপাশি উল্লেখযোগ্যভাবে বেড়েছে কর্মী সংখ্যাও। রেল সূত্রে খবর, বর্তমানে রেলকর্মীদের জন্য বছরে প্রায় ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা ব্যয় হয়, আর পেনশন বাবদ খরচ হচ্ছে প্রায় ৬০ হাজার কোটি টাকা।

২০২৪-২৫ অর্থবর্ষে ভারতীয় রেলের মোট ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১ লক্ষ ৬৩ হাজার কোটি টাকা। এই পরিস্থিতিতে ভাড়া বৃদ্ধির মাধ্যমে রেল অতিরিক্ত প্রায় ৬০০ কোটি টাকা আয় করতে পারবে বলে জানানো হয়েছে।

নতুন ভাড়া কাঠামো কার্যকর হওয়ার পর দূরপাল্লার যাত্রীদের পকেটে কিছুটা বাড়তি চাপ পড়লেও, লোকাল ও স্বল্প দূরত্বের যাত্রীদের জন্য রেলের এই সিদ্ধান্তে মিলেছে স্বস্তির বার্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *