বলিউড থেকে হলিউড সর্বত্রই বরাবর দক্ষতার পরিচয় দিয়ে নিজের পরিচিতি গড়ে তুলেছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। তবে জার্নিটা মোটেই সহজ ছিল না। নানা প্রতিকূলতা, সমালোচনা এমনকি গায়ের রং নিয়েও শুনতে হয়েছে কটাক্ষ। সবকিছু উপেক্ষা করে আন্তর্জাতিক দুনিয়ায় আজ আলোচিত বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা। আবারও বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অস্কারের মঞ্চে দেখা যাবে তাঁকে।
আগামী ১৬ মার্চ অনুষ্ঠিত হতে চলেছে ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। বৃহস্পতিবার আয়োজকদের তরফে প্রকাশিত হয়েছে এবারের উপস্থাপকদের তালিকা। সেই তালিকায় রয়েছেন প্রিয়াঙ্কা। তাঁর সঙ্গে উপস্থাপক হিসেবে থাকবেন হলিউডের জনপ্রিয় অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র, অ্যান হ্যাথাওয়ে, উইল আর্নেট, পল মেসকাল এবং গুইনেথ প্যালট্রো। খবরটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন প্রিয়াঙ্কা।
তবে অস্কারের মঞ্চে এটিই তাঁর প্রথম উপস্থিতি নয়। এর আগে ২০১৬ সালেও তিনি অস্কারে উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন। ভারতীয় অভিনেত্রীদের মধ্যে আন্তর্জাতিক মঞ্চে এই সাফল্য বিশেষভাবে উল্লেখযোগ্য।
