ফের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে নজর কাড়লেন প্রিয়াঙ্কা চোপড়া। এবার তাঁকে দেখা যাবে হলিউডের এক চলচ্চিত্রোৎসবের পুরস্কার প্রদানের মঞ্চেও। আর সেখানেও প্রিয়াঙ্কাকে দেখে মুগ্ধ না হয়ে পারল না দুনিয়া।
আন্তর্জাতিক চলচ্চিত্রের অনুষ্ঠানে হলিউডের অভিনেতাদের পাশে প্রিয়াঙ্কা চোপড়াকেও যে সঞ্চালনার জন্য ডাকা হচ্ছে, তা আগেই জানা গিয়েছিল।স্বামী নিক জোনাসের হাত ধরে সেখানে পৌঁছোতে দেখা গেল প্রিয়াঙ্কাকে। প্রিয়াঙ্কার গ্ল্যামারাস অথচ সংযত সাজের প্রশংসা হয়েছে ফ্যাশন দুনিয়াতেও।
গোল্ডেন গ্লোবের রেড কার্পেটে প্রিয়াঙ্কা পরেছিলেন একটি গাঢ় নীল রঙের স্ট্র্যাপলেস গাউন। প্রিয়াঙ্কার গাউনটি তৈরি করেছেন খ্যাতনামী আইরিশ পোশাকশিল্পী জোনাথন অ্যান্ডারসন। গাউনের উপরের অংশটির কাঁধ উন্মুক্ত এবং বুক থেকে কোমরের উপর পর্যন্ত শরীরের সঙ্গে আঁটোসাঁটো। তার নীচে রয়েছে দুই স্তরের বেলুন স্কার্ট। একই সঙ্গে স্মার্টনেস এবং গ্ল্যামারের মেলবন্ধন ঘটেছে পোশাকে। কোমরে বাঁধা নীল রঙের একটি রিবন তাকে আরও আকর্যণীয় বানিয়েছে। প্রিয়াঙ্কা ওই পোশাকের সঙ্গে পরেছেন বুগেরির একটি হীরের নেকলেস, যার লকেটটি নীলার। কানে পরেছেন নীলা বসানো ছোট দুল।
