February 11, 2026
AAJ 2

এবার বড়পর্দায় অভিনয় করতে চলেছেন নেটদুনিয়ায় ‘পাপা কি পরি’ খ্যাত প্রীতি সরকার। পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘মন মানে না’-তে দ্বিতীয় নায়িকার চরিত্রে দেখা যাবে তাঁকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রীতি বলেন, “কনটেন্ট ক্রিয়েটাররাও যে অভিনয় পারে এ কথা বলিউড বুঝলেও, টলিউডে এখনও সেই গ্রহণযোগ্যতা আসতে সময় লাগছে।” তাঁর অভিজ্ঞতায়, অনেকেই বুঝতে চান না যে কনটেন্ট ক্রিয়েটাররা দিনের পর দিন ক্যামেরার সামনেই থাকেন। তাই ক্যামেরার সামনে অভিনয় করাটা তাঁদের কাছে অচেনা নয়। সেই কারণেই আজকাল অনেক অভিনেতাও রিল বানিয়ে সমাজমাধ্যমে সক্রিয় থাকছেন, আলোচনায় থাকার জন্য। তবে প্রীতির সাফ কথা, “সব কনটেন্ট ক্রিয়েটার যে অভিনয় জানেন, এমনটা নয়।”
রাহুল মুখোপাধ্যায়ের ছবিতে প্রথমে অন্য একটি চরিত্রের জন্য অডিশন দিতে গিয়েছিলেন প্রীতি। কিন্তু পরিচালক তাঁকে বেছে নেন দ্বিতীয় নায়িকা ‘শ্রেয়া’র চরিত্রে। প্রীতির কথায়, “রাহুলদার আমার উপর বিশ্বাস ছিল। চরিত্রটার জন্য নিজেকে অনেকটা বদলাতে হয়েছে—কণ্ঠস্বরে পরিবর্তন আনতে হয়েছে। চ্যালেঞ্জ ছিল, তবে মনে হয় পেরেছি। নিজেকে ভাঙতে অসুবিধা হয়নি, কারণ এই কাজটাই তো আমি নিয়মিত করি।”
আগামী দিনে আরও ছবি ও সিরিজে অভিনয়ের কথাবার্তা চলছে প্রীতির। তবে কি ব্যস্ততার কারণে দর্শক মিস করবেন তাঁদের প্রিয় ‘পাপা কি পরি’কে? প্রীতির স্পষ্ট জবাব, “কাজ যতই বাড়ুক, ‘পাপা কি পরি’ মাঝেমধ্যেই ফিরে আসবে।“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *