আচমকাই বিস্ফোরণের ঘটনায় চড়িয়েছ আতঙ্ক। মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া হিলস জেলায় অবৈধ কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৮ জন শ্রমিকের মৃত্যুর পর দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা।
তিনি জানান, পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে রাজ্য সরকারের দুই মন্ত্রীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মৃতের পরিবারকে ৩ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। ওই ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট মন্ত্রীদের ঘটনাস্থল পরিদর্শন করে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করতে, উদ্ধার ও ত্রাণকাজের অগ্রগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা করতে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি জানান, পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরা, যার মধ্যে রেঞ্জের আইজি-ও রয়েছেন, পাশাপাশি খনি দপ্তরের আধিকারিকরা ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। সাংমা স্পষ্ট করে বলেন, এই ঘটনার জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধে পুলিশকে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
