এই শীতে মন চায় জম্পেশ খাওয়াদাওয়া। লুচি-আলুর দম থেকে শুরু করে মটন রেজালা, বিরিয়ানি, কিংবা পোলাও-মাংস, না নেই কোনটায়। কিন্তু, শুধু খেলেই হবে না। চাই স্বাস্থ্য সচেতনতাও। নতুন বছরে রসনা তৃপ্তি হোক তেলহীন, স্বাস্থ্যকর পোলাও রান্নায়। রইল সহজ রেসিপি।
কী কী লাগবে
বাসমতি বা গোবিন্দভোগ চাল ৬০-৭০ গ্রাম
কুচনো পেঁয়াজ ১ বাটি
কুচনো গাজর অর্ধেক বাটি
কুচনো ক্যাপসিকাম অর্ধেক বাটি
কুচনো ফুলকপি অর্ধেক বাটি
বিন্স অর্ধেক বাটি
মুরগির মাংসের ছোট টুকরো এক বাটি
কুচনো টম্যাটো ২ টেবিল চামচ
জয়িত্রী ১টি
দারচিনি টুকরো ১টি
লবঙ্গ ৩-৪টি
দই দেড় টেবিল চামচ
ধনেগুঁড়ো ১ চা চামচ
জিরেগুঁড়ো ১ চা চামচ
হলুদগুঁড়ো এক চতুর্থাংশ চা চামচ
লঙ্কাগুঁড়ো ১ চা চামচ
গরমমশলা গুঁড়ো ১ চা চামচ
কসৌরি মেথি গুঁড়ো ১ চা চামচ
আদা-রসুন বাটা ১ চা চামচ
কুচনো পুদিনা পাতা ১ চা চামচ
নুন স্বাদমতো
কীভাবে বানাবেন
প্রথমে ভাত রান্না করে নিন। খেয়াল রাখবেন, ভাত যাতে বেশি সেদ্ধ না হয়। কিছুটা শক্ত শক্ত হয়ে থাকা ভাত একটি পাত্রে রেখে দিন।
প্যান গরম ঢিমে আঁচে পেঁয়াজ ভাজুন। পেঁয়াজগুলি বাদামি রং ধরলেই আগুন নিভিয়ে দিন। এবার মাঝারি আঁচে গাজর, বেলপেপার, ক্যাপসিকাম, ফুলকপি, বিন্স ভেজে ফেলুন। এর সঙ্গেই হালকা সেদ্ধ করা মুরগির মাংসের টুকরো মিশিয়ে নিন। ২-৩ মিনিট ধরে শুকনো খোলায় ভালো করে ভাজুন। এবার ভাজা সব্জি ও চিকেনের উপর অর্ধেক কাপ জল ঢেলে ঢাকা দিয়ে ৩-৪ মিনিট রান্না হতে দিন। হালকা সেদ্ধ হয়ে এলেই সব্জিগুলি তুলে রাখুন।
এবার নতুন করে প্যান গরম করে তাতে টম্যাটো, জয়িত্রী, লবঙ্গ আর দারচিনি মিশিয়ে ভাজতে থাকুন। খানিকক্ষণ ভাজার পর জল ঢেলে দিন। ভেজে রাখা অন্য সব্জিগুলিও ওতে দিন। রান্না হতে থাকুক।
এদিকে, ছোট এক বাটিতে দইয়ের সাথে জিরেগুঁড়ো, ধনেগুঁড়ো, হলুদ, লঙ্কা, গরমমশলা গুঁড়ো, কসৌরি মেথি ও নুন মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিন। প্যানে রাখা সব্জিগুলির মধ্যে মশলা মেশানো দই আর আদা-রসুন বাটা ঢেলে দিন। ঢিমে আঁচে ঢাকা দিয়ে ২-৩ মিনিট রান্না করুন। শুকিয়ে যেতে শুরু করলে ১ চা চামচ পুদিনা পাতা ছড়িয়ে দিন। এর সাথে একেবারে শুরুতে ভেজে রাখা পেঁয়াজ মিশিয়ে নিন।
শেষে হালকা সেদ্ধ করা ভাত এই মশলা মেশানো সব্জিগুলির উপর হাতা দিয়ে ছড়িয়ে দিন। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দিন। ৫ মিনিট পর ঢাকনা তুলুন। তৈরি তেলহীন, স্বাস্থ্যকর সব্জি-চিকেন পোলাও। শীতের দুপুরের ভোজ জমে উঠুক গরম গরম ধোঁয়া ওঠা পোলাওয়ের সঙ্গে।
