মহিলাদের এক দিনের ক্রিকেটে ভারতের গড়া বিশ্বরেকর্ড মাত্র পাঁচ মাসের মধ্যেই ভেঙে দিল নিউজিল্যান্ড। বুধবার ওয়েলিংটনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩৪৭ রান করে জিতে নতুন ইতিহাস গড়ল কিউইরা।
দ্বিতীয় এক দিনের ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৪৬ রান তোলে দক্ষিণ আফ্রিকা। যদিও দলের কেউ শতরান পাননি, তবুও একাধিক ব্যাটারের উল্লেখযোগ্য অবদানে বড় স্কোর গড়ে ওঠে। অধিনায়ক লরা উলভার্ট ৬৯ রান করেন, আনেকে বশ করেন ৯১ রান এবং ক্লোয়ি ট্রায়ন যোগ করেন ৫২ রান।
জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত লড়াই করে নিউজিল্যান্ড। মাত্র দু’বল বাকি থাকতে ২ উইকেটে জয় তুলে নেয় তারা। ম্যাচের নায়ক আমেলিয়া কের ১৩৯ বলে অপরাজিত ১৭৯ রান করে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। তাঁকে সঙ্গ দেন ইসাবেল গেজ,৬৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। শেষ মুহূর্তে চার মেরে দলকে ৩৫০ রানে পৌঁছে দিয়ে জয় নিশ্চিত করেন কের।
উল্লেখ্য, এর আগে মহিলাদের এক দিনের ক্রিকেটে সর্বাধিক রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল ভারতের দখলে। গত বছরের ৩০ অক্টোবর বিশ্বকাপ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৩৯ রান তাড়া করে জয় পেয়েছিল ভারত। তবে সেই ঐতিহাসিক রেকর্ড বেশিদিন স্থায়ী হল না। মাত্র পাঁচ মাসের মধ্যেই আরও বড় রান তুলে নতুন মাইলফলক গড়লো নিউজিল্যান্ড।
