February 11, 2026
SONAMUKHI

রহস্যজনকভাবে স্কুলের সি সি ক্যমেরার হার্ড ডিস্ক খুলে চম্পট দিল দুস্কৃতিরা। বাঁকুড়ার সোনামুখী বি.জে হাই স্কুলের ঘটনা। মঙ্গলবার এই ঘটনার খবর প্রকাশ্যে আসতেই এই ঘটনার উদ্দেশ্য নিয়ে ধন্দে স্কুল কর্তৃপক্ষ ।

বাঁকুড়া জেলার অন্যতম নামী স্কুল হিসাবে পরিচিত সোনামুখী  বি জে হাইস্কুল।  নিরাপত্তার স্বার্থে গোটা স্কুল মোড়া রয়েছে সি সি ক্যমেরায়। এদিন স্কুলের এক কর্মী স্কুল খুলতে এসে দেখেন স্কুলের একাধিক দরজায় লাগিয়ে রাখা তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। স্কুলের অফিস ঘরে গিয়ে দেখা যায় সেখানকার দরজার তালা ভেঙে দুস্কৃতিরা ভিতরে ঢুকে একের পর এক মোট ৫ টি আলমারির তালা ভেঙে কাগজপত্র তছনছ করে দিয়েছে। ঘটনার খবর পেয়েই  প্রধান শিক্ষক সহ অন্যান্য সহ শিক্ষকেরা স্কুলে হাজির হন।

 স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, দুস্কৃতিরা স্কুলের অফিস ঘরে ঢুকে আলমারিতে রাখা ১ হাজার ৩০০ টাকা ও রহস্যজনক ভাবে সিসি ক্যমেরার হার্ড ডিস্ক খুলে চম্পট দিয়েছে। সিসি ক্যমেরার হার্ড ডিস্কই কেন দুস্কৃতিদের লক্ষ্য হয়ে উঠেছিল তা ভেবেই কূল কিনারা পাচ্ছেনা স্কুল কর্তৃপক্ষ। স্কুলের তরফে বিষয়টি জানানো হয়েছে সোনামুখী থানায়। রহস্যজনক ঘটনার তদন্তে নেমেছে সোনামুখী থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *