March 2, 2026
AAJ 2

প্রথম ম্যাচে লস অ্যাঞ্জেলেসের  বিরুদ্ধে হার। কিন্তু দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াল ইন্টার মায়ামি। অরল্যান্ডো সিটির বিরুদ্ধে ০-২ পিছিয়ে থেকেও ৪-২ ব্যবধানে জিতে দুর্দান্ত প্রত্যাবর্তন করল গত বারের চ্যাম্পিয়নরা। নায়ক সেই চিরচেনা লিয়োনেল মেসি। জোড়া গোলের পাশাপাশি একটি গোল করিয়েও দলের জয়ে বড় ভূমিকা নিলেন তিনি।  

ম্যাচের শুরুটা মোটেই ভালো ছিল না মায়ামির। ১৮ মিনিটে ক্রোয়েশিয়ার ফুটবলার মার্কো পাসালিচ গোল করে এগিয়ে দেন অরল্যান্ডোকে। ছ’মিনিট পর ব্যবধান বাড়ান আর্জেন্টিনার স্ট্রাইকার মার্টিন ওজেডা। প্রথমার্ধেই ২-০ এগিয়ে যায় অরল্যান্ডো। বিরতির আগে গোলের সুযোগ পেয়েও পিছিয়ে পড়েন রগ্রিগো ডি পল।

দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র। ৪৯ মিনিটে ২৫ গজ দূর থেকে জোরালো শটে গোল করে ব্যবধান কমান মাতেও শিলভেট্টি। সেই গোলেই আত্মবিশ্বাস ফিরে পায় মায়ামি। ৫৭ মিনিটে বক্সের প্রান্ত থেকে নিখুঁত শটে দ্বিতীয় গোল করেন লিয়োনেল মেসি।

৮৫ মিনিটে মেসির বাড়ানো পাস ধরে দলকে এগিয়ে দেন টেলাস্কো সেগোভিয়া। আর ফ্রি-কিক থেকে নিজের দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করেন মেসি। ফলে ৪-২ গোলে ম্যাচ শেষ হয়। এই জয়ের পর মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে সপ্তম স্থানে উঠে এসেছে মায়ামি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *