ত্বক পরিচর্যার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান সানস্ক্রিন। সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি, বিশেষত ইউভিএ ও ইউভিবি থেকে ত্বককে সুরক্ষা দেওয়াই এর প্রধান কাজ। নিয়মিত সানস্ক্রিন ব্যবহারে ত্বকের ক্যানসারের ঝুঁকি কমে এবং অকাল বার্ধক্যের ছাপও পড়তে দেয় না। তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, সানস্ক্রিন ব্যবহারের ক্ষেত্রে কিছু সাধারণ ভুল বিপজ্জনক হতে পারে। অনেকেই সুবিধার জন্য গাড়ির ভেতরে সানস্ক্রিন রেখে দেন, যা একেবারেই অনুচিত।
গরমের সময় গাড়ির ভেতরের তাপমাত্রা অত্যন্ত বেড়ে যায়। এর ফলে সানস্ক্রিনে থাকা গুরুত্বপূর্ণ উপাদান, যেমন জিঙ্ক অক্সাইড ও অ্যাভোবেনজোন, কার্যকারিতা হারাতে পারে। এই উপাদানগুলিই ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে। এছাড়া অতিরিক্ত তাপে সানস্ক্রিনের ভেতরের জল ও তেল আলাদা হয়ে যেতে পারে, যার ফলে তার গুণগত মান কমে যায় এবং তা ত্বকে সঠিকভাবে কাজ করতে পারে না। একইসঙ্গে, সংরক্ষণে ব্যবহৃত প্রিজারভেটিভ নষ্ট হয়ে গিয়ে সানস্ক্রিনে ব্যাক্টেরিয়া জন্মাতে পারে, যা ত্বকের জন্য ক্ষতিকর।
বিশেষজ্ঞদের পরামর্শ, সানস্ক্রিন সব সময় ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখা উচিত এবং নির্দিষ্ট সময় অন্তর পুনরায় ব্যবহার করা জরুরি।
