নায়ক নায়িকাদের ব্যক্তিগত জীবন নিয়ে নেটিজেনদের কৌতূহলের শেষ নেই। তাঁরা কি করছেন, কি খাচ্ছেন, কোথায় যাচ্ছেন — সবেতেই রয়েছে নজরদারি। এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেতা কার্তিক আরিয়ান।ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, অভিনেতা নাকি বয়সে অনেকটাই ছোট এক মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। নাম করিনা কুবিলিয়ুট।
সম্প্রতি একটি ছবি ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে গোয়ার সমুদ্রতটে রোদ পোহাচ্ছেন কার্তিক। সেই ছবিতে শুধুই নায়কের পা দেখা যাচ্ছে। তার পরেই করিনাও একটি ছবি দেন তাঁর সমাজমাধ্যমে। সেখানেও গোয়ার সমুদ্রতট দেখা যাচ্ছে। কার্তিকের ছবিতে একটি ভলিবলের কোর্টও দেখা গিয়েছিল, যা করিনার ছবিতেও দৃশ্যমান। এই দু’টো ছবি দেখে দুইয়ে দুইয়ে চার করেছেন অনুরাগীরা।
ইন্ডাস্ট্রির অন্দরের অনেকেই খেয়াল করে দেখেছেন কিছু দিন আগে পর্যন্ত ইনস্টাগ্রামে করিনাকে অনুসরণ করতেন কার্তিক। কিন্তু জল্পনা ছড়াতেই নাকি অভিনেতা ‘আনফলো’ করেছেন। এখনও পর্যন্ত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনও কথাই বলেননি তাঁরা। তবে এই প্রথম নয়। এর আগেও বেশ কয়েকবার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় জড়িয়েছেন কার্তিক আরিয়ান।
