আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রবিবার নিউ জিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত। এই জয়ের মাধ্যমে একাধিক রেকর্ড গড়েছে ভারতীয় দল। ২০০৭ ও ২০২৪ সালের পর ২০২৬ সালেও টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত। এর মাধ্যমে প্রথম দল হিসেবে তিনবার এই ট্রফি জয়ের ইতিহাস গড়ল ভারতীয় দল। পাশাপাশি ভারতই প্রথম দল যারা পরপর দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কৃতিত্ব অর্জন করল। আরও একটি বড় নজির গড়ে নিজের দেশের মাটিতে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল কোনও দল।
ফাইনাল ম্যাচেই রেকর্ডের বন্যা বইয়ে দেয় ভারতীয় ব্যাটিং। ৫ উইকেটে ২৫৫ রান তুলে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ স্কোরের রেকর্ড গড়ে ভারত। এর আগে কোনও দল ফাইনালে ২০০ রানও পার করতে পারেনি। জবাবে নিউ জিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে সবচেয়ে বড় জয়ের ব্যবধানও তৈরি করে ভারত।
পুরো বিশ্বকাপ জুড়েই ছিল ভারতীয় ব্যাটারদের দাপট। এক বিশ্বকাপে তিনবার ২৫০-র বেশি রান করার নজির গড়েছে ভারত। জিম্বাবোয়ের বিরুদ্ধে ২৫৬, ইংল্যান্ডের বিরুদ্ধে ২৫৩ এবং ফাইনালে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ২৫৪ রান করে তারা।
বোলিংয়েও নজর কেড়েছেন জসপ্রীত বুমরাহ। ফাইনালে ১৫ রানে ৪ উইকেট নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের দ্বিতীয় সেরা বোলিংয়ের রেকর্ড গড়েন তিনি। ব্যাট হাতে ঝড় তুলেছেন অভিষেক শর্মা। মাত্র ১৮ বলে অর্ধশতরান করে তিনি বিশ্বকাপ ফাইনালের দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন। এর আগে ২০২৪ সালের ফাইনালে ২৩ বলে অর্ধশতরান করেছিলেন দক্ষিণ আফ্রিকার হাইনরিখ ক্লাসেন।
ফাইনালে ৮৯ রান করে বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড গড়েছেন সঞ্জু স্যামসন। এর আগে ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের মার্লন স্যামুয়েলস ৮৫ রান করেছিলেন। পুরো টুর্নামেন্টে ২৪টি ছক্কা মেরে এক বিশ্বকাপে সর্বাধিক ছক্কার রেকর্ডও গড়েছেন সঞ্জু ভেঙে দিয়েছেন ফিন অ্যালেনের ২০ ছক্কার নজির।
এ ছাড়াও সঞ্জু স্যামসন ও ঈশান কিশনের ১০৫ রানের প্রথম উইকেট জুটি বিশ্বকাপ ফাইনালের দ্বিতীয় সর্বোচ্চ। অভিষেক শর্মা আবার বিশ্বের প্রথম ব্যাটার যিনি টি-টোয়েন্টিতে পাওয়ার প্লের মধ্যেই চারবার অর্ধশতরান করেছেন।
বিশ্বকাপের শেষ তিন ম্যাচে অপরাজিত ৯৭, ৮৯ ও ৮৯ রান করে সঞ্জু স্যামসন বিশ্বকাপে পরপর তিন ম্যাচে ৮০-র বেশি রান করা দ্বিতীয় ক্রিকেটার। এই টুর্নামেন্টে মোট ৩২১ রান করেন তিনি।
দল হিসেবেও নজির গড়েছে ভারত। পুরো বিশ্বকাপে ১০৬টি ছক্কা মেরে এক বিশ্বকাপে সর্বাধিক ছক্কার রেকর্ড তৈরি করেছে তারা। এছাড়া, প্রথম ক্রিকেটার ও কোচ হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলেন গৌতম গম্ভীর। ২০০৭ সালে ক্রিকেটার হিসেবে এবং এবার কোচ হিসেবে বিশ্বকাপ জিতলেন তিনি।
