February 12, 2026
baji

কেরলের নীলেশ্বরমের কাছে বাজির গুদামে আগুন লেগে আহত হয়েছেন শতাধিক মানুষ। প্রাথমিক ভাবে খবর, ১৫০ জনেরও বেশি মানুষ জখম হয়েছেন। তাঁদের মধ্যে অন্তত আট জনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার রাতে নীলশ্বরমের কাছে একটি মন্দিরে অনুষ্ঠান চলছিল। প্রচুর মানুষের ভিড় ছিল সেখানে। বেশি রাতের দিকে মন্দির সংলগ্ন একটি বাজির গুদামে আচমকা আগুন লাগে। নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল।

আগুন নেভানোর কাজ শুরু হয়। জেলাশাসক, পুলিশ সুপারও রাতেই ঘটনাস্থলে পৌঁছে যান।আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মেঙ্গালুরু, কান্নুর এবং কসরগড়ের একাধিক হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মন্দির সংলগ্ন এলাকায় আতসবাজির প্রদর্শনী চলছিল।

সেই সময়েই একটি বাজি দুর্ঘটনাবশত সংলগ্ন বাজির গুদামের দিকে চলে যায়। তা থেকেই আগুন ধরে যায় বাজির গুদামে। গুদামে আরও প্রচুর পরিমাণে বাজি মজুত রাখা ছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। যদিও আগুন লাগার কারণ সরকারি ভাবে এখনও কিছু জানানো হয়নি। বিষয়টি খতিয়ে দেখছেন দমকলের আধিকারিকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *