আধুনিকতার আবহেও গ্রাম ত্রিপুরার প্রাচীন লোকসংস্কৃতি ও ধর্মীয় পরম্পরা যেন আজও দণ্ডায়মান। মকর সংক্রান্তির পুণ্যলগ্নে এমনই এক ছবি দেখা গেল আগরতলার ইন্দ্রনগর কালী টিলা এলাকায়। প্রতি বছর এই পুণ্য তিথিতে এলাকার মানুষজন দলবদ্ধভাবে হরিনাম সংকীর্তন ও লুট নিয়ে বাড়ি বাড়ি ঘুরে বেড়ান। এবছরও তার অন্যথা হল না।
সকাল থেকেই ঢাক, কাঁসর, খোল ও কীর্তনের তালে শ্রী হরির নামগানে মুখরিত হয়ে ওঠে চারিদিক। কীর্তনীয়ারা বাড়ি বাড়ি ঘুরে দান সংগ্রহ করেন। গৃহস্থরাও ভক্তিভরে চাল, পিঠে, ফল ও অন্যান্য খাদ্যসামগ্রী দান করেন। পরে এই সংগৃহীত সামগ্রী একত্রিত করে প্রসাদ হিসেবে বিতরণ করা হয়। আবালবৃদ্ধবনিতা সকলেই স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এই হরিনাম সংকীর্তন ও হরি লুট উৎসবে। ধর্মীয় আচারের পাশাপাশি এই উৎসব সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সামাজিকতার পরিচায়ক।
তবে, আধুনিক জীবনধারা, প্রযুক্তিনির্ভর সংস্কৃতি ও শহুরে ব্যস্ততার চাপে এই ধরনের লোকজ পরম্পরা আজ বিলুপ্তির পথে। তবুও গ্রামবাংলার কিছু সচেতন ও সংস্কৃতিপ্রেমী মানুষের চেষ্টায় পুরোনো গৌরব অক্ষুণ্ণ থেকে যায়। তাঁরা আজও বংশপরম্পরায় তাঁদের প্রাচীন রীতিনীতিগুলি পালন করে চলেছেন। ইন্দ্রনগর কালী টিলার আজকের উৎসব তারই দৃষ্টান্ত হয়ে উঠলো।
