March 10, 2026
AAJ 1

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রবিবার নরেন্দ্র মোদী স্টেডিয়াম জুড়ে দেখা গেল বিশেষ এক মুহূর্তের ছবি। উদ্‌যাপনের আবহে ক্রিকেটার হার্দিক পাণ্ড্যের পাশে ছিলেন মডেল মাহিকা শর্মা। স্টেডিয়ামের সেই মুহূর্তের ছবি ভাইরাল হতেই তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
উদ্‌যাপনের সময় হার্দিক নিজেই জানান, মাহিকা তাঁর জীবনে আসার পর থেকেই সবকিছু যেন ভালো হচ্ছে। কথোপকথনের মাঝেই তিনি মাহিকাকে ‘স্ত্রী’ বলে উল্লেখ করেন। যদিও তাঁদের বিয়ে হয়েছে কি না, সে বিষয়ে কোনও ঘোষণা করেননি এই যুগল।
৩৩ বছরের হার্দিকের চেয়ে আট বছরের ছোট মাহিকা পেশায় একজন পরিচিত মডেল। বিভিন্ন নামী সংস্থার হয়ে কাজ করার পাশাপাশি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একাধিক ম্যাগাজিনের প্রচ্ছদেও দেখা গিয়েছে তাঁকে। তবে শুধু মডেলিংই নয়, খেলাধুলাতেও তাঁর আগ্রহ কম নয়। তিনি মার্শাল আর্টে ‘ব্ল্যাক বেল্ট’ বিজয়ী।
বাবা নাবিক হওয়ায় দ্বাদশ শ্রেণি পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পড়াশোনা করেছেন মাহিকা। দ্বাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষায় ৯৪ শতাংশ নম্বর পান। এরপর পণ্ডিত দীনদয়াল এনার্জি ইউনিভার্সিটি থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে আমেরিকার সালিসবারি বিশ্ববিদ্যালয় থেকে মনস্তত্ত্ব নিয়ে উচ্চশিক্ষা লাভ করেন। পেশাগত সাফল্যের পাশাপাশি সামাজিক কাজেও সক্রিয় মাহিকা। দীর্ঘদিন গুজরাতের গ্রামাঞ্চলের নারীদের শিক্ষার উন্নয়নেও কাজ করেছেন তিনি।
অন্যদিকে, হার্দিক পাণ্ড্যের ব্যক্তিগত জীবন গত কয়েক বছরে নানা উত্থান-পতনের সাক্ষী। স্ত্রী নাতাশা স্তানকোভিচের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকেই মাহিকার সঙ্গে তাঁর সম্পর্কের খবর সামনে আসে। ২০২৫ সালের শেষ দিক থেকে বিভিন্ন জনসমক্ষে তাঁদের একসঙ্গে দেখা যেতে শুরু করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *