জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। উত্তর-পূর্ব ভারতের অন্যতম প্রধান বিমানবন্দর লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর-এ নবনির্মিত টার্মিনাল-২ (টি২) চালুর ফলে অভ্যন্তরীণ বিমান পরিষেবায় নতুন দিগন্তের সূচনা হয়েছে।
গত ২২ ফেব্রুয়ারি থেকে এই টার্মিনাল থেকে অভ্যন্তরীণ উড়ান চালু হয়েছে। বর্তমানে স্পাইসজেট, অ্যালায়েন্স এয়ার, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, এয়ার ইন্ডিয়া এবং আকাসা এয়ার টার্মিনাল-২ থেকে তাদের পরিষেবা পরিচালনা করছে। অন্যদিকে ইন্ডিগো এবং আন্তর্জাতিক উড়ান আপাতত টার্মিনাল-১ থেকেই চালু রয়েছে, যা ধাপে ধাপে টার্মিনাল-২-এ স্থানান্তর করা হবে।
টার্মিনাল-২ চালু হওয়ার ফলে বিমানবন্দরটির বার্ষিক যাত্রী ধারণক্ষমতা বেড়ে ১ কোটি ৩১ লাখে পৌঁছেছে, যা গুয়াহাটিকে উত্তর-পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র হিসেবে আরও শক্তিশালী করেছে। এর ফলে আঞ্চলিক সংযোগ বৃদ্ধি, পর্যটন বিকাশ এবং অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।
