বাকসা জেলা জেলে ঘটে যাওয়া সাম্প্রতিক অশান্তির ঘটনাকে কেন্দ্র করে অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ও লোকসভা সাংসদ গৌরব গগৈ রাজ্য পুলিশের পাশাপাশি স্বরাষ্ট্র দপ্তরের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলি পরিস্থিতির পূর্বাভাস দিতে এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে, যার ফলেই এই অনভিপ্রেত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বুধবার বাকসা জেলা জেলের বাইরে যে উত্তেজনাকর ও সহিংস পরিস্থিতি তৈরি হয়, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে গগৈ বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার দায়িত্ব ছিল পরিস্থিতি মূল্যায়ন করে আগেভাগেই ব্যবস্থা নেওয়া। তাদের ব্যর্থতাই আজকের এই ঘটনার জন্য দায়ী।” তিনি আরও বলেন, “অসমের মানুষ সংগীতশিল্পী জুবিন গার্গের মৃত্যুর ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত চায়। এই দাবিকে ঘিরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্ষোভ জমেছে।”
গগৈ রাজ্য সরকারকে আহ্বান জানান, যাতে অবিলম্বে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং সাধারণ মানুষকে শান্তিপূর্ণ ও দায়িত্বশীল আচরণ বজায় রাখার আবেদন জানান। তিনি বলেন, “এই ধরনের অশান্তি গণতান্ত্রিক পরিবেশকে কলুষিত করে। প্রশাসনের উচিত ছিল জনমনে জমে থাকা ক্ষোভ ও উদ্বেগকে গুরুত্ব দিয়ে আগেভাগেই পদক্ষেপ নেওয়া।”
এই ঘটনার প্রেক্ষিতে কংগ্রেস নেতা রাজ্য সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব নিয়েও প্রশ্ন তোলেন। তিনি দাবি করেন, জুবিন গার্গের মৃত্যুর তদন্তে যেন কোনো রকম পক্ষপাতিত্ব না হয় এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
