March 21, 2026
12

মুম্বই, ২৫ জুলাই — রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর সঞ্জয় মালহোত্রা শুক্রবার জানিয়েছেন, ভবিষ্যতে ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) ব্যবস্থাকে আর্থিকভাবে টেকসই করতে হবে। বর্তমানে ইউপিআই লেনদেন ব্যবহারকারীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে হলেও, এই পরিকাঠামো বজায় রাখতে সরকার বিভিন্ন অংশীদারকে ভর্তুকি দিয়ে খরচ বহন করছে।

মালহোত্রা বলেন, “লেনদেন ও অর্থনীতি একটি দেশের প্রাণভোমরা। আমরা একটি সর্বজনগ্রাহ্য, দক্ষ ও নিরাপদ পেমেন্ট ব্যবস্থা চাই। কিন্তু এর খরচ কেউ না কেউ বহন করতেই হবে।” তিনি আরও বলেন, “এই মুহূর্তে সরকারই ইউপিআই ব্যবস্থার খরচ বহন করছে, কিন্তু দীর্ঘমেয়াদে এই মডেল টেকসই নয়”।

বর্তমানে ইউপিআই-এর মাধ্যমে দৈনিক ৬০ কোটিরও বেশি লেনদেন হচ্ছে, যা দুই বছর আগের তুলনায় দ্বিগুণ। এই বিপুল পরিমাণ লেনদেনের ফলে ব্যাকএন্ড পরিকাঠামোর ওপর চাপ বাড়ছে, যা মূলত ব্যাংক, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) দ্বারা পরিচালিত।

২০১৯ সালে সরকার রূপে ডেবিট কার্ড ও BHIM-UPI লেনদেনের ক্ষেত্রে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) মওকুফ করে দেয়। ফলে ইউপিআই লেনদেনে কোনো রাজস্ব প্রবাহ নেই, যা শিল্প মহলে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

গভর্নর মালহোত্রা স্পষ্ট করে দেন যে, ভবিষ্যতে ইউপিআই ব্যবস্থায় খরচ বহনের দায়িত্ব সরকার অথবা অন্য কোনো অংশীদারকে নিতে হবে। তিনি বলেন, “যে কোনো গুরুত্বপূর্ণ পরিকাঠামো থেকে ফল পাওয়া উচিত। আর্থিকভাবে টেকসই হতে হলে, খরচের দায় কেউ না কেউ নিতে হবে—ব্যক্তিগতভাবে হোক বা সম্মিলিতভাবে”।

এই মন্তব্য এমন সময় এসেছে, যখন ইউপিআই বিশ্বজুড়ে দ্রুততম ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার শীর্ষে পৌঁছেছে এবং ভারতের ডিজিটাল লেনদেনের প্রায় ৮৫ শতাংশই ইউপিআই-এর মাধ্যমে সম্পন্ন হচ্ছে।

এই প্রেক্ষাপটে, ইউপিআই ব্যবস্থার ভবিষ্যৎ রূপান্তর শুধু প্রযুক্তিগত নয়, আর্থিক নীতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *