বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য প্রদান সহ ১০ দফা দাবিতে আশ্রম চৌমুহনী আগরতলা পুর নিগমের পূর্ব জোনাল অফিসের আধিকারিকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটি।
সিপিআইএমের এক নেতা বলেন, আগরতলার দক্ষিণ চন্দ্রপুর, চন্দ্রপুর, ইন্দ্রনগর, শিবনগর প্রভৃতি এলাকার জনগণ প্রতিবছর নিয়মিতভাবে বছরে এক বা একাধিক বার বন্যার শিকার হচ্ছেন। তাদের সমস্যাগুলি যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করা প্রয়োজন।
তাই সিপিআইএমের তরফ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য প্রদান করা, আগরতলায় বন্যার জল না জমার রাজ্য সরকারের দেওয়া নির্বাচনীপূর্ব প্রতিশ্রুতি কার্যকর করা, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় অবিলম্বে জনস্বাস্থ্য রক্ষায় স্যানিটাইজেশন করার ব্যবস্থা করা, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় সরকারি উদ্যোগে স্বাস্থ্য শিবির করার ব্যবস্থা করার দাবি জানিয়েছে।
