March 23, 2026
AAJ 1

ডিজিটাল লেনদেনকে আরও সুরক্ষিত করতে বড় পদক্ষেপ নিতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই)। আগামী ১ এপ্রিল থেকে অনলাইন ও ডিজিটাল মাধ্যমে হওয়া সমস্ত ধরনের লেনদেনে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন (২এফএ) বাধ্যতামূলক করা হচ্ছে।

নতুন নিয়ম অনুযায়ী, কোনও ডিজিটাল লেনদেন সম্পন্ন করতে হলে গ্রাহককে অন্তত দুটি পৃথক যাচাই প্রক্রিয়ার মাধ্যমে নিজের পরিচয় নিশ্চিত করতে হবে। এই যাচাইয়ের ক্ষেত্রে পিন, পাসওয়ার্ড, এসএমএসে পাওয়া ওটিপি, হার্ডওয়্যার বা সফটওয়্যার টোকেন, এমনকি ফিঙ্গারপ্রিন্ট বা ফেস রেকগনিশনের মতো বায়োমেট্রিক পদ্ধতিও ব্যবহার করা যেতে পারে।

আরবিআই-র নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, এই দুই ধাপের যাচাইয়ের মধ্যে অন্তত একটি ধাপ প্রতিবার লেনদেনের সময় নতুন করে তৈরি হতে হবে। কোনও সংস্থা যদি এই নিয়ম মানতে ব্যর্থ হয় ও তার ফলে প্রতারণার ঘটনা ঘটে, তাহলে সেই দায় সংশ্লিষ্ট সংস্থাকেই বহন করতে হবে।

শুধু দেশীয় লেনদেনই নয়, বিদেশে হওয়া ডিজিটাল ট্রানজ্যাকশনের ক্ষেত্রেও একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে সময়সীমা নির্ধারণ করা হয়েছে আগামী ১ অক্টোবর পর্যন্ত।

উল্লেখ্য, গত কয়েক বছরে ইউপিআই ও মোবাইল ওয়ালেটের ব্যাপক ব্যবহারের ফলে দেশে ডিজিটাল পেমেন্টের পরিমাণ দ্রুত বেড়েছে। তবে এর পাশাপাশি বেড়েছে অনলাইন প্রতারণা, ফিশিং ও অনুমতি ছাড়া লেনদেনের ঝুঁকিও। সেই ঝুঁকি কমাতেই এই নতুন নিরাপত্তা ব্যবস্থা চালু করতে উদ্যোগী হয়েছে আরবিআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *