দেশের প্রথম রাষ্ট্রপতি হিসাবে বায়ুসেনার লাইট কমব্যাট হেলিকপ্টার (এলসিএইচ) ‘প্রচণ্ড’তে সওয়ার হলেন দ্রৌপদী মুর্মু। দু’দিনের সফরে রাজস্থানে এসেছেন রাষ্ট্রপতি। শুক্রবার পোখরানের ফিল্ড ফায়ারিং রেঞ্জ-এ ‘বায়ু শক্তি ২০২৬’-এর প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন তিনি।
তার আগে লাইট কমব্যাট হেলিকপ্টারে সওয়ার হয়ে ভারত-পাক সীমান্তে রাজস্থানের জৈসলমেরে বায়ুসেনাঘাঁটিতে এসে পৌঁছান রাষ্ট্রপতি। সেখানে বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল এ পি সিংহ স্বাগত জানান রাষ্ট্রপতিকে।
২৫ মিনিটের সেই উড়ানে জৈসলমের শহর এবং সংলগ্ন অঞ্চল পরিদর্শন করেন রাষ্ট্রপতি। সেনা কপ্টারে ওঠার আগে তাঁকে নির্দেশিকা বুঝিয়ে দেন বায়ুসেনার আধিকারিকেরা। ককপিটে বসেই আত্মনির্ভরতার সুরে রাষ্ট্রপতি বলেন, ‘‘প্রচণ্ড হেলিকপ্টার দেশের আত্মনির্ভরতার এক শক্তিশালী প্রতীক। এই সময় জৈসলমের পরিদর্শন করছি। আমাদের জওয়ানদের কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাই।’’
