April 3, 2026
AAJ 1

রাতে ঘুম না আসা, তীব্র নাক ডাকা, এমনকি ঘুমের মধ্যেই দমবন্ধ হয়ে আসে। এই সমস্যাগুলি এখন শুধু আর বয়স্কদের মধ্যে সীমাবদ্ধ নেই। সাম্প্রতিক সমীক্ষা বলছে, এই ধরনের ঘুমের সমস্যায় সবচেয়ে বেশি ভুগছেন কমবয়সিরাই। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর তথ্য অনুযায়ী, দেশে ১০ কোটিরও বেশি মানুষ কোনও না কোনও ঘুমের সমস্যায় আক্রান্ত। এর মধ্যে অনিদ্রা এবং স্লিপ অ্যাপনিয়ার মাত্রা সর্বাধিক।
বিশেষজ্ঞদের মতে, স্লিপ অ্যাপনিয়ায় ঘুমের মধ্যে শ্বাসপ্রশ্বাসের পথ বারবার বন্ধ হয়ে যায়। ফলে হঠাৎ শ্বাসকষ্ট, দমবন্ধ লাগা বা কাশি শুরু হতে পারে। এর প্রভাব পড়ে পরের দিন সকালেও। সারাদিন মাথাব্যথা, সারাদিন ক্লান্তি বা ঘুম ঘুম ভাব দেখা দেয়।

আইসিএমআর জানাচ্ছে, প্রধানত তিন ধরণের স্লিপ অ্যাপনিয়া রয়েছে :
১) অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া: গলার পেশি শিথিল হয়ে বায়ুপথ বন্ধ হয়ে যায়, ফলে তীব্র নাক ডাকা দেখা দেয়।
২) সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়া: মস্তিষ্ক শ্বাস নিয়ন্ত্রণকারী পেশিকে সঠিক সংকেত পাঠাতে পারে না।
৩) কমপ্লেক্স স্লিপ অ্যাপনিয়া: উপরোক্ত দুই সমস্যার মিলিত রূপ।

এই সমস্যার একাধিক কারণ চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। তার মধ্যে অন্যতম স্থূলত্ব বা অতিরিক্ত ওজন। পাশাপাশি রাত জাগা, ধূমপান, অতিরিক্ত কফি বা চা পান এবং জাঙ্ক ফুড খাওয়ার অভ্যাসও এই রোগের বড় কারণ।
স্লিপ অ্যাপনিয়ার লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম এবং জীবনযাত্রায় পরিবর্তন আনলে এই সমস্যা নিয়ন্ত্রণে আনা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *